পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরের ব্যাংক হিসাব যৌথ নামে
এনজিওর মাধ্যমে পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে। যৌথ স্বাক্ষরে পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংক হিসাব পরিচালিত হতে হবে। ওই শিশুর পিতা-মাতা বেঁচে থাকলে একজন এবং পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরের যৌথ স্বাক্ষরে পরিচালনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এ ছাড়া এনজিওর মনোনীত একজন প্রতিনিধি পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন।
অন্যদিকে কোনো এনজিও সার্বিকভাবে বা কোনো নির্দিষ্ট এলাকার কার্যক্রম বন্ধ করে দিলে কিংবা প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা অন্য কোনো কারণে হিসাব পরিচালনায় সক্ষম না হলে ওই পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ইচ্ছা অনুযায়ী তাদের পিতা-মাতা বা অভিভাবক এবং ওই শিশুর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। সংশ্লিষ্ট ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া সিগনেটরি বা হিসাব বন্ধ করার ক্ষেত্রে এনজিওর সহায়তা নেবে ওই ব্যাংক।
এ ছাড়া হিসাব বন্ধের ক্ষেত্রে ব্যাংক ও এনজিও একটি যৌথভাবে স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সংরক্ষণ করবে। পরে তা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগে পাঠাতে হবে।