দেশের শেয়ারবাজারে গত সপ্তাহের আলোচিত বিষয় ছিল জরিমানা আর পদত্যাগ। তালিকাভুক্ত কোম্পানি ও বেশ কয়েকজন ব্যক্তিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় এসব জরিমানা করা হয়। বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ এম হোসাইন। যদিও তাঁর এই পদত্যাগপত্র সংস্থাটির পরিচালনা পর্ষদ এখনো গ্রহণ করেনি। বরং জরুরি সভা করে এ বিষয়ে জানতে পদত্যাগী সিইওকে পরিচালনা পর্ষদের সভায় ডাকা হয়েছে। আলোচিত এসব ঘটনার মধ্যে শেয়ারবাজারে দরপতনের একটি সপ্তাহ কেটেছে। সপ্তাহ শেষে ডিএসইর দৈনিক গড় লেনদেন প্রায় সাড়ে ১৬ শতাংশ বা ২৮ কোটি টাকা কমে নেমে এসেছে ১৪৪ কোটিতে। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৬টিরই দাম কমেছে, বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। ডিএসইর সাধারণ সূচক প্রায় ২৮ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১৩৩ পয়েন্টে। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে উদাহরণ তৈরি করা গেলে তা বাজারের অনিয়ম কমাতে সহায়তা করবে। আরএনের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে অন্য কোম্পানিগুলোও সতর্ক হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এও বলেছেন, শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না এটি নিশ্চিত করার ক্ষেত্রেও নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হতে হবে। কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে সিকিউরিটিজ আইনের লঙ্ঘনের ঘটনায় এটির ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সেই সঙ্গে কোম্পানির সচিবকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোম্পানি ও এর পরিচালকদের বিভিন্ন হারে আর্থিক জরিমানা করা হয়। গত মঙ্গলবার বিএসইসির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১০ অক্টোবর আরএন স্পিনিং মিলসের সব পরিচালক ও সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করে বিএসইসি। কমিশনের পক্ষে সংস্থাটির উপপরিচালক জিয়াউর রহমান বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় জাল-জালিয়াতির অভিযোগে এ মামলা করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় পরিচালক ও কোম্পানির সচিব মিলিয়ে সাতজনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয় নানা নথিপত্রে জাল-জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন। জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘যদি বিএসইসির তদন্তে কোম্পানিটির অপরাধের বিষয়ে সন্দেহাতীত তথ্য-প্রমাণ পাওয়া যায় তাহলে গৃহীত ব্যবস্থাকে আমি স্বাগত জানাই। কোম্পানিটির যে ধরনের অপরাধ করেছে তাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এর ফলে বাজারে একটি দৃষ্টান্ত স্থাপন হবে। হয়তো তাৎক্ষণিকভাবে বাজারে এর কোনো সুফল মিলবে না। কিন্তু দীর্ঘ মেয়াদে এটি বাজারের জন্য ইতিবাচক।’ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনেক নজির রয়েছে। সেই তুলনায় বিএসইসি যে ব্যবস্থা নিয়েছে সেটি হয়তো গৌণ। কিন্তু আমাদের দেশে নিঃসন্দেহে এটি বড় নজির। এর ফলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিএসইসির একটি মানদণ্ড তৈরি হলো। সেই সঙ্গে সংস্থাটির প্রতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়বে।’