পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের স্বতন্ত্র দুই পরিচালক
দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এক দিন পরই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালক। তাঁরা হলেন ইসলামী ব্যাংকের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদ্য সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ। গত মঙ্গলবার স্বতন্ত্র এই দুই পরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর গতকাল তাঁরা পদত্যাগ করেন।
ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমি তাঁদের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্র অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে, এরপরই কার্যকর হবে।’
২০১৬ সালের ২ জুন ব্যাংকটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় আটজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। গতকাল পদত্যাগ করা দুজন এদিনই নিয়োগ পান। এরপর গত ৫ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করলে বিশেষ পরিস্থিতিতে সৈয়দ আহসানুল আলম ভাইস চেয়ারম্যান ও আবদুল মাবুদ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর থেকে ব্যাংকটি পরিচালনায় মুখ্য ভূমিকা রাখছিলেন ভাইস চেয়ারম্যান, যা নিয়ে ব্যাংকটির অন্য পরিচালকদের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
গত মঙ্গলবার ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আহসানুল আলম ও আবদুল মাবুদকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁদের দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর গতকাল তাঁরা দুজনই পদত্যাগ করেন। আহসানুল আলমকে ফোন করেও পাওয়া যায়নি।
আহসানুল আলম ১১ মে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে নিয়ে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার সরে যাওয়া এখন সময়ের ব্যাপার।’