পদত্যাগ করলেন ডিএসইর সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতী মৈত্র পদত্যাগ করেছেন।গতকাল বুধবার তিনি ডিএসইর সভাপতি শাকিল রিজভীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রের একটি অনুলিপি এসইসিতেও পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বর্তমান সিইও পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিচালনা পরিষদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসইর সূচক সংশোধনসহ বাজার তদারকি ও নজরদারিতে সতীপতী মৈত্রর ভূমিকায় এসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা অসন্তুষ্ট ছিলেন। বেশ কয়েকবার তাঁর কারণে ডিএসইকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এ নিয়ে ডিএসইর পরিচালনা পর্ষদেও অসন্তোষ ছিল। ডিএসই সূত্র জানায়, ২০০৯ সালের জুলাই মাসে সাবেক সিইও শরীফুল ইসলাম পদত্যাগের পর সতীপতী মৈত্র ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পান। একই বছরের ২৮ ডিসেম্বর তাঁকেই স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। স্থায়ী নিয়োগ পাওয়ার পর এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।