পদত্যাগ করলেন ডিএসইর সিইও
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে তিনি ছুটির কথা বলে অফিসে অনুপস্থিত ছিলেন। পদত্যাগের চিঠিতে তিনি ‘ব্যক্তিগত কারণ’-এর উল্লেখ করেন। ডিএসইর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পদত্যাগপত্র পাওয়ার পরপরই তা ডিএসইর পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হয়। জানা গেছে, সাম্প্রতিক সময়ে একাধিক বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে বিএসইসির পক্ষ থেকে তাঁকে কয়েকবার কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। পাশাপাশি ডিএসইর পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যদের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতের অমিল চলছিল।ডিএসইর একটি সূত্র বলছে, সংস্থাটির কাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না মোশাররফ এম হোসাইন। এ কারণে পরিচালনা পর্ষদের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমেই বাড়ছিল। এ নিয়ে তাঁর সঙ্গে পরিচালনা পর্ষদের তিক্ততা তৈরি হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে গতকাল সকালে ছুটির কথা বলে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরীকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছরের ১ জানুয়ারি ডিএসইর সিইও হিসেবে যোগ দেন মোশাররফ এম হোসেন। যোগদানের এক বছরের মাথায় এসে তিনি পদত্যাগ করেন। এর আগে ডিএসইতে এ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের বেশির ভাগই পদত্যাগ করেন। এ কারণে ডিএসইর এ পদটিকে অনিশ্চিত পদ হিসেবে আখ্যায়িত করা হয়। হাতেগোনা কয়েকজন ছাড়া অন্যরা এ পদে বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। ফলে নতুন সিইও নিয়োগের ক্ষেত্রে ডিএসইকে বেশ বেগ পেতে হয়। সর্বশেষ মোশাররফ এম হোসাইনকে নিয়োগের আগে কয়েক দফা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সিইওর পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরই তা কার্যকর হবে।