পদত্যাগ করেছেন রূপালীর সেই আইসিসি-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন রূপালী ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) বিভাগের প্রধান কাজী মো. নেয়ামত উল্ল্যাহ। ব্যাংকটির পরিচালনা পর্ষদও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ছাড়পত্র প্রদানের অনুমোদন দিয়েছে। গত ৩১ জানুয়ারি রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
রূপালী ব্যাংক ফেনীর ইসলামপুর রোড শাখা থেকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের অবৈধ ঋণ-সুবিধা প্রদানে তাঁর বিরুদ্ধে হস্তক্ষেেপর অভিযোগ ছিল। একই এলাকার হওয়ায় ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও গড়েছিলেন নেয়ামত উল্ল্যাহ। এরপরও তাঁকে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিয়েছে রূপালী ব্যাংক।
যোগাযোগ করা হলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রথম আলোকে বলেন, অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করেছিলেন। চুক্তিভিত্তিক কর্মকর্তা হওয়ায় পর্ষদও তা অনুমোদন দিয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন পড়লে তাঁকে ডাকা হবে।
জানা যায়, রূপালী ব্যাংকের ডিএমডি পদে মেয়াদ শেষ হলে গত বছরের ২২ ফেব্রুয়ারি ৬ মাসের জন্য আইসিসি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান নেয়ামত উল্ল্যাহ। গত বছরের ২১ আগস্ট তাঁর মেয়াদ শেষ হলে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। তবে তিনি গত ২৩ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। রূপালী ব্যাংকও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ছাড়পত্র প্রদান করে।
গত ২৮ নভেম্বর প্রথম আলোতে ‘গোল্ড আনোয়ারের টাকার খনি রূপালী ব্যাংক!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, নেয়ামত উল্ল্যাহর সহায়তায় আনোয়ার হোসেন অবৈধ ঋণ-সুবিধা গ্রহণের সুযোগ পান। এরপরই ব্যাংকের পক্ষ থেকে তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয়। এ কারণে তিনি পদত্যাগ করেন বলে ব্যাংক সূত্র জানায়।
জানা গেছে, আনোয়ার হোসেনের কাছে এখনো রূপালী ব্যাংকের পাওনা ৮৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ৬৪ কোটি টাকার অনুমোদন রয়েছে। বাকি অর্থের কোনো অনুমোদন নেই। ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ১৫১ কোিট টাকা ঋণ-সুবিধা নিয়েছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনের প্রত্যক্ষ সহায়তার তাঁর ঋণ অনুমোদন হয়েছে। এসব ঋণ পাইয়ে দিতে তৎপর ছিলেন ফেনীর বাসিন্দা ও ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী নেয়ামত উল্ল্যাহ।
ওই স্বর্ণ ব্যবসায়ীর বন্ধকি জমির প্রকৃত দাম মূল্যায়নে রূপালী ব্যাংকের কুমিল্লার মহাব্যবস্থাপক আলতাফ হোসেনকে প্রধান করে কমিটি করে দিয়েছে প্রধান কার্যালয়। তারা ওই ব্যবসায়ীর বন্ধকি জমির প্রকৃত মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেবে। ফেনীর ইসলামপুর রোডের শাখাটিতে গ্রাহক বলতে আনোয়ার হোসেনই। অন্য গ্রাহকদের সব মিলিয়ে ঋণ ১ কোটি টাকা।
প্রতিবাদ
গত ৮ নভেম্বর ও ২ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আনোয়ার হোসেন। প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্য খণ্ডিত ও একপেশেভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত ১৩ ফেব্রুয়ারি পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি এ দাবি করেন। আনোয়ার হোসেন বলেছেন, ‘উদ্দেশ্য খারাপ থাকলে এভাবে ঋণ পরিশোধ করতাম না। সীমা অতিরিক্ত ঋণের লেনদেন ও কিস্তি পরিশোধের কারণে নিউ রূপসী জুয়েলার্সের সুদ পরিশোধে কিছুটা বিলম্ব হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দফায় দফায় কমে যাওয়ায় টাকা সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে।’
প্রতিবেদকের বক্তব্য
সরেজমিন পরিদর্শন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেও যার সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন দুটিতে আনোয়ার হোসেনের বক্তব্যও যথাযথভাবে ছাপা হয়েছে।