পদত্যাগী ছয় পরিচালকের বিরুদ্ধে বিকেএমইএর নিন্দা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদকছয় পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করেছে নিট মালিক সমিতি বিকেএমইএ। একই সঙ্গে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে পদত্যাগ করায় এসব পদত্যাগী পরিচালকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়েছে সংগঠনটি। গতকাল রোববার অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ৬ মার্চ বিকেএমইএর পরিচালনা পর্ষদ থেকে ছয়জন পরিচালক বর্তমান সভাপতি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন আয়োজন করছেন না—এমন অভিযোগ তুলে পদত্যাগ করেন। তাঁরা হলেন জিএম ফারুক, মো. শাহনেওয়াজ, হাসান মাহমুদ, শফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও জাকির হোসেন। জানা গেছে, বিকেএমইএর পর্ষদ সভায় গতকাল এই পদত্যাগপত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পদত্যাগপত্রে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য দেওয়ার মাধ্যমে বিকেএমইএর ভাবমূর্তি ক্ষুণ্ন করায় পদত্যাগকারীদের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব নেওয়া হয়। সূত্র জানায়, সভায় সর্বসম্মতিক্রমে পদত্যাগপত্রগুলোয় উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। তারপর সেগুলো গ্রহণ করা হয়। সভায় পদত্যাগকারী ছয়জন পরিচালককে ইতিপূর্বে তাঁদের অর্পিত সব দায়দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিকেএমইএর পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়, ১৫ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনের ছাড়পত্র নেওয়ার যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সভায় পদত্যাগী ছয়জনের মধ্যে চারজন উপস্থিতও ছিলেন। জানা যায়, এর পরও হঠাত্ করে ছাড়পত্র পাওয়ার আগ মুহূর্তে একটি বিশেষ মহলের ইন্ধনে পদত্যাগ করেন ছয় পরিচালক।