পদবির পরিবর্তন চায় ইকোনমিক ক্যাডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবি পরিবর্তন চান ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা। সহকারী প্রধানের পরিবর্তে সহকারী সচিব, সিনিয়র সহকারী প্রধানের পরিবর্তে সিনিয়র সহকারী সচিব, উপপ্রধানের পরিবর্তে উপসচিব, যুগ্ম প্রধানের পরিবর্তে যুগ্ম সচিব ও প্রধানের পরিবর্তে অতিরিক্ত সচিব পদবি চান তাঁরা।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনমিক অ্যাসোসিয়েশন সরকারের কাছে এ দাবি জানিয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় এসব দাবি পূরণের জন্য আজ রোববার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সভায় ইকোনমিক ক্যাডারের দীর্ঘদিনের বঞ্চনা, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, প্রাপ্য মর্যাদার অপ্রাপ্তি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
সংগঠনটি গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, পদবির নাম পরিবর্তন, ইন-সিটো পদোন্নতির ব্যবস্থা করা, বিভাগের প্রধান পদগুলোকে গ্রেড-১-এ উন্নীতকরণ, পরিকল্পনা কমিশনের সদস্যপদগুলো ইকোনমিক ক্যাডারভুক্ত করাসহ অনেক দাবি পূরণ করবেন বলে ২০১০ সালের এপ্রিলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলোর একটিও বাস্তবায়িত হয়নি। এ জন্য ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ ও হতাশা কাজ করছে।