পদমর্যাদা ও গ্রেড উন্নতি বিষয়ে রোববার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) এবং হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের চারটি পদের সাড়ে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা ও গ্রেড উন্নীতকরণ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন রোববার বেলা দুইটায় সচিবালয়ে বসবে এ বৈঠক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সিঅ্যান্ডএজি ও সিজিএ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘বিপাকে সাড়ে ১০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

জুনিয়র অডিটর, অডিটর, সাব-অর্ডিনেট অ্যাকাউন্টস, সুপারিনটেনডেন্ট এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তারা (নন-ক্যাডার) পদমর্যাদা ও গ্রেড উন্নীত করার দাবি জানিয়ে আসছে ২০০০ সাল থেকে।