পদায়ন নিয়ে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ
পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ৪ জুলাই প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদকে এনবিআরের সদস্য (বোর্ড প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিসিএস কাস্টমস ও মূসক এবং কর ক্যাডার সমিতি। গতকাল মঙ্গলবার এই দুটি সমিতির যৌথসভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ ছাড়া ১৫ জুলাইয়ের মধ্যে নিয়োগ আদেশ প্রত্যাহার না হলে ১৬ জুলাই থেকে কলম বিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন দুই সমিতির নেতারা। সংবাদপত্রে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সৃষ্টির পর থেকে শুল্ক ও আবগারি ক্যাডারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিশেষায়িত পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ পদটি মূলত কর, শুল্ক ও মূসক অনুবিভাগের আধুনিকায়ন, রাজস্ব প্রশাসনের মাঠপর্যায়ের সমস্যা নিরসন ও এনবিআরের সব বিভাগের মধ্যে সমন্বয়ের কাজ করে থাকে। ভিন্ন ক্যাডারের একজন কর্মকর্তাকে এরূপ একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা অর্জনও ব্যাহত হবে। সভায় বিসিএস (শুল্ক ও মূসক) সমিতির সভাপতি ও এনবিআরের সদস্য ফিরোজ শাহ আলম, বিসিএস (কর) সমিতির সভাপতি মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।