ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণ না পাওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন।
রিজওয়ান রাহমান বলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের পুনরুজ্জীবন ও সম্প্রসারণের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু সিএমএসএমই সংজ্ঞায়নের জটিলতা, প্রয়োজনীয় নথিপত্র ও এসএমই তথ্যভান্ডারের অভাব, ঋণ বিতরণ পদ্ধতির জটিলতা, উদ্যোক্তাদের ব্যাংক হিসাব না থাকা, ব্যাংকের সঙ্গে সম্পর্কের দুর্বলতা, জামানত নিয়ে সমস্যার কারণে প্যাকেজের আওতায় এ খাতের উদ্যোক্তারা ঋণ পেতে ব্যর্থ হয়েছেন।
ডিসিসিআই আয়োজিত ‘ব্যাংক থেকে সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ প্রাপ্তির পদ্ধতি ও প্রস্তুতি’ শীর্ষক এক ভার্চু৵য়াল কর্মশালায় এসব মতামত দেন রিজওয়ান রাহমান। তিনি বলেন, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের পুনরুজ্জীবিত করতে প্রণোদনা প্যাকেজের যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমইএসপিডি) মো. জাকের হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, শিল্প খাতে ৮০ শতাংশ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীল খাতে ৪৫ শতাংশ মূল্য সংযোজন করে সিএমএসএমই খাত। তবে প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তার অভাবে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো তাদের সম্ভাবনা ও কর্মদক্ষতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন বলেন, ‘পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও উদ্যোক্তা এবং আর্থিক খাতের মধ্যে সমন্বয়ের অভাবে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। মাঠ পর্যায়ে উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের ভ্রান্ত ধারণার কারণেই ঋণ বিতরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা দেখা যাচ্ছে।