‘কার পাস’ চালুর প্রথম দিন গতকাল রোববার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল সীমান্তে পণ্যবোঝাই কয়েক শ ট্রাক আটকা পড়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পদ্ধতিগত জটিলতার কারণে বিকেল পাঁচটা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পরে পণ্যবোঝাই পাঁচটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। তবে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক ভারতে যায়নি।বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, কার পাসসংক্রান্ত কিছু জটিলতার কারণে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হয়নি। পরে পাঁচ ট্রাক পণ্য আমদানি হয়েছে। বেনাপোল তল্লাসি চৌকির (চেকপোস্ট) কার্গো শাখার পরিদর্শক আকবর আলী জানান, কার পাসের নতুন নিয়মে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গোডাউনের নম্বর বা শেড ইনচার্জের স্বাক্ষরের বিষয়টি নেই, যার জন্য কিছুটা ঝামেলা হয়েছে। প্রাথমিকভাবে বুঝতে কিছুটা সমস্যা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, সাধারণত ভারত থেকে প্রতিদিন সাড়ে তিন-চার শ ট্রাক পণ্য আমদানি হয়। আর বাংলাদেশ থেকে প্রায় দেড় শ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। দুই দেশের মধ্যে বাণিজ্যে গতিশীলতা ও পণ্য পরিবহন সহজ করার লক্ষ্যে গত শনিবার থেকে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে কার পাস-প্রথা উদ্বোধন করা হয়। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দুই দেশের মধ্যে মালামাল বহনকারী ট্রাক-লরির চালক ও সহকারীদের এই কার পাস দেওয়া হবে।অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের ঐতিহ্য রক্ষা করেই আমরা চাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে। সম্প্রসারিত করতে চাই আমাদের বৈদেশিক বাণিজ্য। এতে আমরা দুই দেশই অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারি।’প্রণব মুখোপাধ্যায় দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, ‘আমরা একই ঐতিহ্যের উত্তরসূরি। আমরা চাই আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হোক। এই ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে হবে। তাই পেট্রাপোল-বেনাপোল সীমান্তে চালু করেছি কার পাস-প্রথা।’ভারতের অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা বাংলাদেশে আট হাজার ৮৫ কোটি রুপির পণ্য রপ্তানি করলেও বাংলাদেশ থেকে আমদানি করা হয় মাত্র এক হাজার ২৬৭ কোটি রুপির পণ্য। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি কমাতে আমরা গত নভেম্বরে বাংলাদেশের অধিকাংশ পণ্য বিনা শুল্কে ভারতে প্রবেশাধিকার দিয়েছি। আমার বিশ্বাস, এতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে।’পেট্রাপোল স্থলবন্দরের কর্মকর্তারা জানান, প্রতিবার মালামাল পরিবহনের সময় চালক ও সহকারীদের কার পাস দেওয়া হবে। এটি তাঁদের ভিসা হিসেবে বিবেচিত হবে। এতে পণ্যবাহী যানবাহন পরিবহনে অবাঞ্ছিত ব্যক্তিদের চলাচল বন্ধ হবে।শনিবারের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ, ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।