পদ্মা অয়েলের ঘোষিত লভ্যাংশ ও এজিএম অবৈধ: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্ট এ রায় দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সরাসরি তালিকাভুক্ত আইনের বিধি ৩০-এর নিয়ম উপেক্ষা করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০০৯ এবং ২০১০ অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আজিজ আহমেদ নামের এক বিনিয়োগকারী পরিচালনা পর্ষদের অবৈধ লভ্যাংশ ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ২৩/২০১১) দায়ের করে রুল এবং স্থগিতাদেশ নেন। আজ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত লভ্যাংশ এবং এজিএমকে অবৈধ ঘোষণা করেন। এখানে উল্লেখ্য, কোম্পানি লভ্যাংশ ঘোষণার জন্য পরিচালনা পর্ষদের যে সভা ডাকা হবে, তা আগেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইকে জানাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কোম্পানি ডিএসই ও এসইসিকে না জানিয়ে সরাসরি লভ্যাংশ ঘোষণা করে।এই মামলা নিষ্পত্তির ফলে পদ্মা অয়েল কোম্পানির গত দুই বছরের এজিএম করতে আর কোনো বাধা রইল না। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আবুল কালাম আজাদ, মোতাহার হোসেন ও আসিফ। অন্যদিকে এসইসির পক্ষে মামলা পরিচালনা করেন প্রবীর নিয়োগী।এ ব্যাপারে পদ্মা অয়েলের কোম্পানিসচিব মহিউদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি হাইকোর্টের রায়ের বিষয়টি শুনেছি। রায়ের কপি হাতে পেলে আমরা বিষয়টি এসইসিকে জানাব। এসইসি কোম্পানি শেয়ার লেনদেন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’এদিকে গত রোববার দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘লেনদেন বন্ধ এক বছর, বিপাকে বিনিয়োগকারীরা’ শিরোনামে পদ্মা অয়েল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে প্রায় এক বছর ধরে পুঁজিবাজারে পদ্মা অয়েলের লেনদেন বন্ধের বিষয়টি উঠে আসে। এ ছাড়া বিনিয়োগকারীদের সমস্যার কথাও উঠে আসে প্রতিবেদনে।