পদ্মা অয়েলের লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লভ্যাংশ ঘোষণা নিয়ে সৃষ্ট আইনি জটিলতার কারণে গতকাল বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। লেনদেন শুরুর আগেই গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত খবর জানানো হয়। ডিএসই বলেছে, পদ্মা অয়েল কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করেই ইতিপূর্বে ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছে, যা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মের (নোটিফিকেশন নং-এসইসি/সিএমআরআরডি/২০০৯-১৯৩/প্রশাসন/০৩-৩১) পরিপন্থী।ডিএসই সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ ঘোষণা অনুযায়ী গত ৫ মার্চ বেলা ১১টায় এজিএম হওয়ার কথা ছিল। এ জন্য শেয়ারধারীদের চিহ্নিত করতে শেয়ারের মালিকানা নির্ধারণের দিন বা রেকর্ড ডেট ছিল ৬ জানুয়ারি।কিন্তু ঘোষিত লভ্যাংশে সন্তুষ্ট না হওয়ায় একজন বিনিয়োগকারী হাইকোর্টে রিট মামলা করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের ওপর তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। পরে হাইকোর্টের দেওয়া ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে পদ্মা অয়েল। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের দেওয়া আগের রায় স্থগিত করেন। তবে এ ক্ষেত্রে আপিল বিভাগের আদেশের আগেই পূর্বঘোষিত রেকর্ড ডেটের সময় চলে যায়। ফলে নতুন করে রেকর্ড ডেট ঘোষণার প্রয়োজন দেখা দেয়।অবশেষে গত ২০ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আগের ১০০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ৫০ শতাংশ নগদ এবং ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। একই সঙ্গে ৩০ এপ্রিল বেলা ১১টায় এজিএমের তারিখ ও ৪ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়। এদিকে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেও মামলা নিষ্পত্তি হয়নি। ফলে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে ঘোষিত এই লভ্যাংশ নিয়ে জটিলতা দেখা দিতে পারে মনে করে ডিএসইর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখতে এসইসিকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত রাখার ব্যাপারে নির্দেশনা চায় ডিএসই। গত মঙ্গলবার এসইসির বাজার পর্যালোচনা কমিটির সভায় বিষয়টি আলোচিত হয় এবং প্রতিষ্ঠানটির লভ্যাংশ পরিবর্তনের আইনি দিকগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। তবে লেনদেন বন্ধ করার বিষয়টি ডিএসইর ওপর ছেড়ে দেয় কমিশন। এর পরই ডিএসই কর্তৃপক্ষ পদ্মা অয়েলের লেনদেন স্থগিত করে।