পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের লেনদেন শুরু
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের লেনদেন আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ক্যাটাগরি ‘এন’। এ ছাড়া ডিএসই ট্রেডিং কোড ‘পদ্মা লাইফ’ এবং কোম্পানি কোড হবে ‘২৫৭৪৫’। ডিএসইর ওয়েবসাইটে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।এদিকে আজ থেকে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত এই প্রতিষ্ঠানটির শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে অনুরোধ করা হয়েছে।৩০ জুন ২০১১ পর্যন্ত প্রকাশিত অর্ধ বার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ডের পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং মোট ফান্ডের পরিমাণ ২২০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের আজ শুরুর মূল্য ছিল ১৪৯ টাকা।