পদ্মা ইসলামী লাইফকে ২০ লাখ টাকা জরিমানা
পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে এক বছরের বেশি সময় ধরে নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নেই। গত জানুয়ারিতে একজনকে সিইও নিয়োগ করা হলেও এই পদে তাঁর যোগ্যতার ঘাটতি রয়েছে।
সিইও নিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণে পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ২০ সদস্যকে এক লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ সম্প্রতি অনুষ্ঠিত এক শুনানিতে ১ মে তারিখের মধ্যে পরিশোধের সময় দিয়ে এ জরিমানা করে।
গত ৫ জানুয়ারি চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন নামের একজনকে সিইও নিয়োগ দেয় তারা। কিন্তু আইডিআরএ যাচাই করে দেখেছে, এ পদে কাজ করার প্রয়োজনীয় যোগ্যতা তাঁর নেই।
সিইও নিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতা ও অবহেলা কোম্পানির শেয়ারহোল্ডার ও পলিসিহোল্ডারদের স্বার্থ সুরক্ষার জন্য উদ্বেগজনক বলে জানায় আইডিআরএ।
পদ্মা লাইফের চেয়ারম্যান এ বি এম জাফরুল্লাহ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা আইডিআরএ থেকে জরিমানা-সংক্রান্ত কোনো চিঠি পাইনি।’ সিইও নিয়োগের জন্য এর আগের পদে ১৫ বছরের অভিজ্ঞতা থাকার বিষয়টি শিথিল করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা না করা হলে ৭৫টি বিমা কোম্পানিই সিইওহীন থাকবে বলে আমার শঙ্কা হয়।’