পদ্মা ও মেঘনার ৮০ শতাংশ সিলিন্ডারই অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার বনানী লিচুতলা এলাকায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিপিসির ডিপো প্রাঙ্গণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফাইল ছবি
বগুড়ার বনানী লিচুতলা এলাকায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিপিসির ডিপো প্রাঙ্গণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন পদ্মা ও মেঘনা কোম্পানির সরবরাহকারীদের এলপিজি গ্যাসের ৮০ শতাংশ সিলিন্ডারই ব্যবহারের অনুপযোগী। ঝুঁকিপূর্ণ এসব সিলিন্ডার বাড়িতে ব্যবহার করলে দুর্ঘটনা ঘটতে পারে।

বগুড়ায় বিপিসির ডিপোতে বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে এ কথা জানান বিভাগীয় বিস্ফোরক পরিদর্শক মো. আসাদুল ইসলাম। গুদামে থাকা বেশ কয়েকটি সিলিন্ডারের মুখে পানি ভরে পরীক্ষা করার পর তিনি এ কথা বলেন।

মো. আসাদ বলেন, ‘বগুড়ায় বিপিসির গুদামে মজুত থাকা পদ্মা অয়েল কোম্পানির বেশ কিছু এলপিজি (লিক্যুফাইড পেট্রোলিয়াম গ্যাস) গ্যাসের সিলিন্ডারের মুখে পানি ভরে দেখা গেছে, ৮০ শতাংশ সিলিন্ডারের মুখ দিয়ে অনর্গল গ্যাসের বুদ্বুদ বের হচ্ছে। একইভাবে গ্যাস বের হচ্ছে মেঘনা পেট্রোলিয়ামের ৭৫ শতাংশ সিলিন্ডার থেকে। তবে ডিপোতে গ্যাসভর্তি সিলিন্ডার না থাকায় যমুনা অয়েল কোম্পানির সিলিন্ডারের মান নিরূপণ করা সম্ভব হয়নি।’

রাজশাহীর বিস্ফোরক পরিদর্শকের কার্যালয় থেকে আসা এই কর্মকর্তা বলেন, তিনটি কোম্পানি থেকে বগুড়া ডিপোতে প্রতি দফায় এক হাজার ৮০০ গ্যাসভর্তি সিলিন্ডার বরাদ্দ দেওয়া হয়। প্রতি মাসে তিন দফায় গড়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এলপিজি গ্যাসের সিলিন্ডার আসে এই ডিপোতে। এসব সিলিন্ডারের ৮০ শতাংশই ব্যবহার অনুপযোগী। ঝুঁকিপূর্ণ এসব বিস্ফোরণে যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে।

মো. আসাদ বলেন, তিনটি প্রতিষ্ঠানকেই পেট্রোবাংলা বাংলার প্ল্যান্ট থেকে সিলিন্ডার এলপিজি গ্যাস সরবরাহ করা হয়। এসব সিলিন্ডার বাতিল করে নতুন সিলিন্ডার সরবরাহের দায়িত্বও পেট্রোবাংলারই। এসব সিলিন্ডার বাতিল ঘোষণার সুপারিশ করে জ্বালানি মন্ত্রণালয়ে দুই থেকে একদিনের মধ্যে চিঠি পাঠানো হবে।

ঘটনা তদন্তে আজ পেট্রোবাংলা ও পদ্মা অয়েল কোম্পানির উচ্চপর্যায়ের দুটি দল বগুড়ার ডিপো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ডিপোতে দায়িত্বে থাকা পদ্মা অয়েল কোম্পানির অফিস সহকারী আশরাফুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার বগুড়া শহরতলির বনানী লিচুতলা এলাকায় বিপিসির আঞ্চলিক ডিপোতে ট্রাক থেকে সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণে কোম্পানির সরবরাহ করা ৩৭৮টি সিলিন্ডারের মধ্যে মোট ১৯৩টি সিলিন্ডার আগুনে পুড়ে ছাই হয়েছে। বিস্ফোরণে ২০-২২টি সিলিন্ডার উড়ে গেছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিপিসির বগুড়া আঞ্চলিক ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৪ জেলার ৫৫০ জন পরিবেশক ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সরবরাহ করে। এসব গ্যাস সিলেটের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস ফিল্ড থেকে বোতলজাত হয়ে সিলিন্ডারের মাধ্যমে বগুড়া আঞ্চলিক ডিপোতে আসে।