বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী জ্বালানি তেল ডিপোতে পদ্মা তেল বিপণন কোম্পানির ডিজেলের মজুদ শূন্য হয়ে গেছে। যে কারণে গতকাল শনিবার এই কোম্পানি থেকে ডিজেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে।তবে মেঘনা ও যমুনা কোম্পানি থেকে অবশ্য তেল সরবরাহ অব্যাহত রেখেছে।বাঘাবাড়ী ডিপো সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তেল সরবরাহ দেওয়ার পর পদ্মা কোম্পানির ডিজেলের মজুদ শূন্যের কোঠায় নেমে আসে। যে কারণে ডিলার ও এজেন্টরা তাঁদের চাহিদা অনুযায়ী গতকাল এই কোম্পানি থেকে ডিজেল উত্তোলন করতে পারেননি।শাহজাদপুর উপজেলা জ্বালানি তেলের ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউশন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ প্রথম আলোকে জানান, পদ্মা কোম্পানি ডিজেলশূন্য হয়ে পড়ায় এর ডিলাররা চাহিদা অনুযায়ী তেল উত্তোলন করতে পারছেন না। অন্য কোম্পানি থেকে ধার নিয়ে পদ্মা কিছু তেল সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই কম।এদিকে বাঘাবাড়ীর পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, এখন মেঘনা ও যমুনার কাছ থেকে ধার নিয়ে কিছু কিছু সরবরাহ করা হচ্ছে। চারটি তেলবাহী জাহাজ ডিপোতে আসার পথে রয়েছে। এগুলো এলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে।এ বিষয়ে পদ্মা তেল বিপণন কোম্পানির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী বিপণন মহাব্যবস্থাপক মো. শহিদ উদ্দীন বলেন, ‘ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ বেশি হওয়ায় আমাদের কিছুটা মজুদ কমেছিল। এই ঘাটতি পূরণ করার জন্য তেল আমদানি করা হয়েছে। চিটাগাং থেকে কয়েকটি তেলবাহী জাহাজ বিকেলের (শনিবার) মধ্যেই বাঘাবাড়ী তেল ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে। এগুলো পৌঁছালে আর কোনো সমস্যা থাকবে না।