পদ্মা লাইফকে এসইসির সতর্কীকরণ
পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডকে সতর্কপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসিতে জমা দেওয়া প্রসপেক্টাসে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করায় আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি সূত্রে জানা গেছে, এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রসপেক্টাস এসইসিতে জমা দেওয়া হয়। এসইসি প্রসপেক্টাস খতিয়ে দেখার সময় বেশ কিছু তথ্য গোপন করার বিষয় ধরা পড়ে। পরে এসইসিকে ওসব তথ্য প্রদান করার পরিপ্রেক্ষিতে এসইসি প্রতিষ্ঠানটির প্রসপেক্টাস অনুমোদন দেয়।এদিকে আজকের সভায় কমিশন পদ্মা ইসলামী লাইফ প্রথম মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস দাখিলের সময় ছয় মাস বৃদ্ধি করেছে। ফান্ডটির খসড়া প্রসপেক্টাস এসইসিতে জমা দেওয়ার সময় গত ২৯ মার্চ শেষ হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় ছয় মাস বাড়ানো হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।