পদ্মা সিমেন্ট কোম্পানি অবলুপ্ত হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্তির এক যুগের মাথায় এসে অবলুপ্ত হচ্ছে পদ্মা সিমেন্ট। এ জন্য কোম্পানিটির কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক থেকে শুরু করে শেয়ারধারীসহ পাওনাদারদের কাছ থেকে পাওনা দাবি সংগ্রহ করা হচ্ছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ-সংক্রান্ত খবর প্রকাশ করা হয়।
প্রকাশিত খবরে ২১ মার্চের মধ্যে পাওনা দাবির সপক্ষে প্রয়োজনীয় দলিলপত্র কোম্পানিটির অবলুপ্তির দায়িত্বপ্রাপ্ত আইনজীবীর কাছে জমা দিতে বলা হয়েছে। এর আগে একই আহ্বান জানিয়ে সংবাদপত্রেও বিজ্ঞাপন প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অবলুপ্তির দায়িত্বপ্রাপ্ত আইনজীবী মোকছেদুল ইসলামের সহকারী এম এ সাত্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদালতের মাধ্যমেই কোম্পানিটি অবলুপ্ত হচ্ছে। এ ক্ষেত্রে কোম্পানিটির কাছে কারও কোনো পাওনা দাবি থাকলে তা আদালতেই দাখিল করতে হবে।’
এম এ সাত্তার আরও বলেন, যেহেতু আমরা কোম্পানিটির অবলুপ্তির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাই পাওনাদারকে সব দাবি সংগ্রহ করে আদালতে দাখিলের উদ্যোগ নিয়েছি। তবে কোনো পাওনাদার যদি নিজের উদ্যোগে আদালতে তাঁর দাবি জানাতে চান, তাহলে তিনি সেটা করতে পারবেন।’
ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২ সালে পদ্মা সিমেন্ট কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১০ সাল পর্যন্ত মূল বাজারেই কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। ২০১১ সালের মার্চে মূল বাজার থেকে কোম্পানিটিকে ডিএসইর ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে স্থানান্তর করা হয়।
ওটিসি বাজারে কোনো কোম্পানির শেয়ার সাধারণত তাৎক্ষণিকভাবে কেনাবেচা করা হয় না, বরং আগে দাম উল্লেখ করে বিক্রয়াদেশ দিতে হয়। তারপর সেই দামে কোনো ক্রেতা আগ্রহী হলে তার কাছে শেয়ার বিক্রি করা হয়।
তবে ওটিসি থেকে এখন পুরো কোম্পানিটিই বিলুপ্ত হতে যাচ্ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মূল বাজারে লেনদেনের সময়ে ২০১০ সালে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৩৯ টাকায়। বর্তমানে ওটিসি বাজারে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের দাম তিন টাকা ২০ পয়সা।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ প্রায় পৌনে তিন কোটি। এর মধ্যে ৯৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ারই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। আর কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র শূন্য দশমিক ৩৬ শতাংশ। ২০০২ সালের পর থেকে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা দেয়নি।
পদ্মা সিমেন্টের কারখানা সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে অবস্থিত। ঋণগ্রস্ত থাকায় একপর্যায়ে ব্যাংক অর্থ আদায়ের জন্য কোম্পানির জমি, ভবন, মেশিনারিজসহ বেশ কিছু সম্পদ নিলামে বিক্রি করে দেয়। আর বেশির ভাগ শেয়ারই আছে সাধারণ শেয়ারধারীদের কাছে।