পদ্মা সেতু তহবিল বাতিল করা বিশ্বব্যাংকের ভুল ছিল: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন তহবিল বাতিল করা বিশ্বব্যাংকের জন্য ভুল নীতি ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ইয়োহানেস জাট ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘এখন তারা (বিশ্বব্যাংক) স্বীকার করছে যে নীতি ভুল ছিল।’
মুহিত অবশ্য এও বলেন যে এই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর বিষয়টি যে ভুল ছিল, তা স্বীকার করা দুই পক্ষের (বাংলাদেশ ও বিশ্বব্যাংক) জন্যই ভালো হয়েছে। আর এখন থেকে বিশ্বব্যাংক কোনো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বাতিল করার বিষয়ে অনেক বেশি সতর্ক হবে।
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রকল্পে দুর্নীতি রোধে বিশ্বব্যাংক এখন নতুনভাবে চিন্তা করছে। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অর্থমন্ত্রী গতকাল এসব কথা বললেন। দেশ সহায়তা কৌশল অগ্রগতি প্রতিবেদনে (কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্র্যাটেজি প্রগ্রেস রিপোর্ট) বিশ্বব্যাংক বলেছে, যখন দুর্নীতির কোনো বিষয় প্রকাশিত হয়, তখন প্রকল্প থেকে সরে না এসে ভিন্নভাবে সম্পৃক্ত হওয়া উচিত।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক সরে যাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প দুই বছর পিছিয়ে গেছে। ২০১২ সালের বদলে এখন ২০১৪ সাল থেকে কাজ শুরু হচ্ছে। তবে আর্থিকভাবে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। আর ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ পদ্মা সেতুতে অর্থায়নের জন্য অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়। এর পরই বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এক প্রতিবেদনে বলে যে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি অনুসারে দুর্নীতির বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ অনুসন্ধান পরিচালনা করেনি।
পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের স্বাধীন মূল্যায়ন বিভাগের আরেক প্রতিবেদনে বলা হয়, প্রকল্প থেকে সরে আসা গ্রাহকের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অধরা থাকে।
এ প্রসঙ্গে ইয়োহানেস জাট বলেন, ‘বিশ্বের অন্য কোনো দেশের মতো বাংলাদেশেও যদি দুর্নীতির ঘটনা ধরা পড়ে, তাহলে আমরা আর সেই দেশের সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করব না বরং ভিন্নভাবে যুক্ত হব। অন্যভাবে বললে, আমরা সেই দেশের সরকারকে বোঝাতে সাহায্য করব যে কী কারণে এই ধরনের দুর্নীতির চর্চা হয়, কীভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং কীভাবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিনিয়োগগুলোকে অব্যাহত রাখার পরিবেশ তৈরি করা যায়।’