পদ্মা সেতু নকশা প্রণয়ন পরামর্শকের চুক্তিমূল্য বৃদ্ধি
আবারও বাড়ানো হলো পদ্মা সেতু প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন পরামর্শকের (ডিডিসি) চুক্তিমূল্য। দুই কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ডলার থেকে বাড়িয়ে নতুন চুক্তিমূল্য করা হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ডলার। তবে মূল চুক্তিমূল্য এক কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ডলার থেকে তা ৫৬ শতাংশ বেশি।সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটিসহ গতকাল সোমবার ১০টি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল কবীর সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে উপস্থাপিত সারসংক্ষেপে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার দুই সপ্তাহ পর ২০০৯ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ করা হয় নিউজিল্যান্ডভিত্তিক কোম্পানি মনশেল লিমিটেড এইকমকে। মনশেলের সঙ্গে এক কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ডলারে সরকারের চুক্তি হয় ওই বছরের ২৯ জানুয়ারি।চুক্তি অনুযায়ী ২২ মাসে বিস্তারিত নকশা হওয়ার কথা। মনশেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আট মাস ১৫ দিন বাড়িয়ে সরকার সময় দেয় ২০১১ সালের ১৫ আগস্ট। তবে এর আগে ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ক্রয় কমিটির আরেক সভায় চুক্তিমূল্য বাড়িয়ে করা হয় দুই কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ডলার।এতে আরও বলা হয়, মূল সেতু, নদীশাসনের কাজ, মাওয়া সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া-২ প্যাকেজের প্রাক-যোগ্যতা শেষ হয়েছে। ঠিকাদার নিয়োগ হয়েছে জাজিরা সংযোগ সড়কের। আগামী মে মাসে এই প্যাকেজের কার্যাদেশ দেওয়া যাবে।অনুমোদিত আরও প্রস্তাব: যুক্তরাজ্যের ডে লা রু ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে কেনা হবে এক কোটি ৫০ লাখ মান উন্নীত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট ও পাসপোর্ট লেমিনেটস। এতে ২৬৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হবে।চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও পয়োনিষ্কাশন’ প্রকল্পের আওতায় সম্ভাব্যতা যাচাইসংক্রান্ত ৪৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। গঙ্গা ব্যারাজ প্রকল্পের সমীক্ষার জন্য আগে নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৩৪ লাখ টাকা। বাড়িয়ে তা করা হয়েছে ৪১ কোটি ৩৬ লাখ টাকা। ১৫০-২২৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি প্রকল্প ভোলা থেকে সিরাজগঞ্জে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ ও আধুনিকীকরণ কাজের ব্যয় ৪৩ কোটি ৮৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬৩ কোটি সাত লাখ টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।