পদ্মা সেতু নির্মাণ, তাই বাড়বে না মন্ত্রণালয়গুলোর বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে বরাদ্দ দিতে হবে বলে আগামী বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বাজেট বরাদ্দ বাড়ানো হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন।পদ্মা সেতুর জন্য এই ত্যাগ স্বীকার করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, শিগগির এ সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল রোববার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেন, ‘বিশ্বব্যাংককে আমরা মানা করার পর পদ্মা সেতু কীভাবে নির্মাণ করা হবে, সেটাই সবচেয়ে বড় সমস্যা ছিল। সব দিক চিন্তা করে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণই আমাদের কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। কারণ, এর ফলে কম খরচে ও দ্রুত সেতু নির্মাণ করা সম্ভব হবে।’অর্থমন্ত্রী বলেন, এখন যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। মূল সেতু নির্মাণ ও নদী শাসনের জন্য আলাদাভাবে দুটি দরপত্র আহ্বান করা হবে। আর তদারকির কাজ করবে সরকার নিজেই।অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুর জন্য ১৮০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার দরকার পড়বে। এর মধ্যে ১০০ কোটি ডলার সংগ্রহ করা হবে বন্ড ছেড়ে আন্তর্জাতিক বাজার থেকে। বাংলাদেশের চেয়ে দুর্বল অর্থনীতির অনেক দেশ সার্বভৌম (সভরেন) বন্ড ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করছে। কম সুদে বৈদেশিক সহায়তা পাওয়ায় বাংলাদেশ এত দিন ওই পথে যায়নি।এখন দেশের অর্থনীতির যে শক্তিমত্তা তৈরি হয়েছে, তাতে সহজেই বিদেশি বাজার থেকে অর্থ সংগ্রহ করা যায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সার্বভৌম বন্ডের সুদের হার ৬ শতাংশের কম হবে এবং বন্ড বিক্রি করে পাওয়া অর্থ সরকার বাজেট ঘাটতি বা অন্য কোনো কাজে ব্যবহার করবে না।চলতি ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রত্যাশিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জিত হবে না বলে মনে করে অর্থমন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, ‘অনেক বিষয় এখন বৈশ্বিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে, গত চার বছরে বিশ্ব অর্থনীতিতে নানা উত্থান-পতনের পরও সার্বিকভাবে আমাদের অর্জন মোটামোটি সন্তোষজনক। মূলত দেশজ চাহিদা ভালো থাকায় প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের কাছাকাছি ধরে রাখা গেছে।’অর্থমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মন্দা সত্ত্বেও চলতি বছরে রপ্তানি খাত ভালো প্রবৃদ্ধি অর্জন করছে। রপ্তানি বাজার বহুমুখীকরণ ও রপ্তানিকারকদের সৃষ্টিশীলতার কারণে এটা সম্ভব হয়েছে।আগামী বাজেটে বিদ্যুৎ, কৃষি ও পল্লি উন্নয়নে অগ্রাধিকার বহাল থাকবে জানিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০১৭ সাল নাগাদ দেশে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।টাঙ্গাইলের পাশাপাশি আরও দু-একটি জেলাকেও জেলা বাজেটের আওতায় আনা হতে পারে বলে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।