পদ্মা সেতু নির্মাণে পাঁচ বছরের ব্যয় পরিকল্পনা দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে এবং ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে শেষ করা হবে এর নির্মাণকাজ। এ কথা জানিয়ে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চলতি অর্থবছরসহ মোট পাঁচ অর্থবছরের একটি হিসাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এই তথ্য দেন। অর্থসচিব ফজলে কবিরসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইআরএফ সভাপতি খাজা মাঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ সংগঠনের সদস্যরা আগামী বাজেট নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন।অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাজেটে দুই হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ছয় হাজার ৮০০ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে সাত হাজার ৮০০ কোটি, ২০১৫-১৬ অর্থবছরে পাঁচ হাজার কোটি এবং ২০১৬-১৭ অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।অর্থমন্ত্রী জানান, মূল সেতু নির্মাণ, নদীশাসন ও তদারকি কাজের দরপত্র আগামী মাসের মধ্যেই ডাকা হবে। বড়জোর তা জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। আর দরপত্রের কাজ যেখানে থেমে আছে, সেখান থেকেই শুরু করা হবে। শুধু কালো তালিকাভুক্ত একটি কোম্পানিকে বাদ দেওয়া হবে।জাজিরা পয়েন্টের সংযোগ সেতু নির্মাণকাজের দরপত্র এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ফিরলে তাদের স্বাগত জানানো হবে।পদ্মা সেতুর জন্য সার্বভৌম বন্ড ছেড়ে আন্তর্জাতিক বাজার থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করা হবে, এ আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, এই সেতুর জন্য ইতিমধ্যেই ভারতীয় ঋণের ২০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হবে না বলে জানান অর্থমন্ত্রী। তবে তা গত অর্থবছরের ৬ দশমিক ৪ শতাংশের চেয়ে বেশি হবে বলে তিনি মনে করেন। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটের প্রাক্কলিত জিডিপির প্রবৃদ্ধির হারও ৭ শতাংশের ওপরই রাখতে চান তিনি।সারা বিশ্বে মন্দা বিরাজ করছে উল্লেখ করে এ বিষয়ে অর্থমন্ত্রী নিজেই প্রশ্ন করেন, ‘কয়টা দেশ খুঁজে পাওয়া যাবে, যাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে?’অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি ও গ্রামোন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাত থাকবে অগ্রাধিকার খাত। আর বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশ। কর-কাঠামোতে খুব একটা পরিবর্তন আনা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী জানিয়ে দেন, বিভিন্ন দাবি থাকলেও আগামী বাজেটে করপোরেট করের হার পরিবর্তন করা হবে না। শুধু তা-ই নয়, নতুন করও আরোপ করা হবে না। তবে মূল্য সংযোজন কর (মূসক) থেকে ভালো আদায় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রায় সব সাংসদের রাজধানীতে বাড়ি রয়েছে বলে কি বাড়ি ভাড়ার বিষয়ে দেশে কোনো নীতিমালা তৈরি করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমি কিছু বলতে পারব না, দুঃখিত।’ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়বে কি না প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সম্ভবত না।’ স্থায়ী পে কমিশন করা হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী মাথা ঝাঁকিয়ে নেতিবাচক জবাব দেন।দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস করে অনেককেই বসে থাকতে হয়। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। তবে আপাতত খুব বেশি কিছু করার সুযোগ কম।’রাজনৈতিক অস্থিরতা এক মাসের মধ্যে কেটে যাবে বলে আশার বাণী শুনিয়েছেন, সবার কৌতূহল হচ্ছে, কীভাবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো উত্তর নেই।’অর্থমন্ত্রী মনে করেন, যেকোনো বাজেটই নির্বাচনী বাজেট এবং আগামী বাজেটও তা-ই।আগামী বাজেটও কি বিরোধী দল ছাড়াই পাস হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। এই প্রশ্ন অন্যখানে করুন।’আগামী বছরের জানুয়ারি পর্যন্ত কি আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন করবে বর্তমান সরকার, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ। কারণ, আগামীতে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, হবে অন্তর্বর্তীকালীন সরকার।’