পদ্মা সেতু নির্মাণে ভুটানের পাথর ব্যবহার
পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয় পাথর ভুটান থেকে আমদানির আগ্রহ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কিসাংয়ের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান। সভায় বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু বলেননি বাণিজ্যমন্ত্রী। তবে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘পদ্মা সেতুর জন্য আমরা ভুটান থেকে পাথর ও বোল্ডার (অচূর্ণ বড় পাথর) আমদানি করতে চাই। প্রতিবেশী দেশ হিসেবে ভুটান থেকে তা আনাই আমাদের জন্য সহজ হবে, খরচও কম পড়বে।’
ট্রানজিট ও ট্রানশিপমেন্ট চুক্তির জন্য বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে, এ তথ্য উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভায় এ নিয়েও কথা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভুটান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভুটানই স্বাধীন বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দেয়। বাংলাদেশ এ জন্য দেশটির কাছে কৃতজ্ঞ।
ভুটানের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের প্রতিকূলে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ১৯ লাখ ১০ হাজার ডলারের পণ্য। একই সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে দুই কোটি ২৫ লাখ ডলারের পণ্য।