পদ্মা সেতু নির্মাণে মজুদের অর্থ নিতে হতে পারে: মুহিত
পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ প্রদানকালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ থেকে অর্থ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের।
বৈঠককালে বিটিএমইএর নেতারা কারখানার যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাইলে মুহিত বলেন, ‘পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের মজুদ থেকে বৈদেশিক মুদ্রা নেওয়ার প্রয়োজন হতে পারে। তাই সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারবে না।’ একই সঙ্গে তিনি চট্টগ্রামের শিল্প-কারখানার গ্যাস সমস্যার সমাধানে আরও সময় লাগবে বলে জানান।
বৈঠকে বিটিএমএর নেতারা ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য সরকার প্রদত্ত ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যা দূরীকরণ এবং স্থানীয় এলসি ও ব্যাক টু ব্যাক এলসির ওপর থেকে উৎস কর অব্যাহতি প্রদানের দাবি জানান।
নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যার বিষয়ে বিটিএমএর নেতারা বলেন, উচ্চমূল্যে তুলা ক্রয়ের কারণে ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য ২০১১ সালের ২০ সেপ্টেম্বর সরকার এককালীন ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা ঘোষণা করে। কিন্তু এ নগদ সহায়তা লাভে এফ-ই সার্কুলারের ৭ ধারা মোতাবেক ‘এক্সপোর্ট পারফরম্যান্স (ইএক্সপি) ফরম, বিল-অব-এক্সপোর্ট/ শিপিং বিলের কপি পেশ করা স্পিনিং মিল মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না।
বিটিএমএর নেতারা স্থানীয় ঋণপত্রের ওপর উৎস কর অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে বলেন, স্থানীয় এলসির মাধ্যমে ক্রয়কৃত তুলার মূল্য পরিশোধের সময় উৎস কর কর্তন টেক্সটাইল পণ্যের সামগ্রিক রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।