পদ্মা সেতু নিয়ে দুর্নীতি কল্পনাপ্রসূত: মুহিত
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে বরাবরের মতো আবারও দাবি করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬১ জনের সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু দুর্নীতি খুঁজে পায়নি। প্রকল্পটিতে কোনো পয়সাই তো খরচ হলো না। তাহলে দুর্নীতিটা হলো কীভাবে? পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলা আসলে কল্পনাপ্রসূত ব্যাপার।’ পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংকের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে খানিকটা উত্তেজিত হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জমি অধিগ্রহণ ও পুনর্বাসন অত্যন্ত দুর্নীতিপরায়ণ ব্যাপার। এখানে তো একটি নালিশও নেই।’ পাল্টা প্রশ্ন করে অর্থমন্ত্রী বলেন, ‘তাহলে কোথায় দুর্নীতি? কোথায় দুর্নীতি হয়েছে বলেন? পদ্মা সেতুর জন্য কোনো পয়সাই তো খরচ হলো না।’ সচিবালয়ে গতকাল সোমবার সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝাওয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।এডিবির ভাইস প্রেসিডেন্ট বাজেট-সহায়তা ও পদ্মা সেতু—এই দুটি বিষয়ে আলোচনা করেছেন বলে জানান অর্থমন্ত্রী। মুহিত বলেন, আগামী জুনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে অক্টোবরের মধ্যে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করতে হবে। সেতু নির্মাণে মালয়েশিয়ার প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। তবে বিশ্বব্যাংকের অর্থ পাওয়া না গেলে সেতু নির্মাণের সমন্বয়কারীর দায়িত্ব সরকারই নেবে। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রত্যেক সহায়তাকারীর সঙ্গে সরাসরি সম্পর্ক। তখন একজন আরেকজনকে আটকাতে পারবে না, যেটা এই প্রকল্পে (পদ্মা সেতু) হয়েছে।’ তবে মালয়েশিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য হলেও অন্য উন্নয়ন-সহযোগীদের সঙ্গে বসতে হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এডিবি তাঁকে জানিয়েছে, পদ্মা সেতুর ব্যাপারে তারা যে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, তা তারা রক্ষা করবে।’ বাজেট-সহায়তা বাবদ এডিবির কাছে ৩০ কোটি ডলার চাওয়া হয়েছে জানিয়ে মুহিত বলেন, সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন ও স্বাস্থ্য খাতে এ সহায়তা কাজে লাগানো হবে। চলতি পঞ্জিকাবর্ষের শেষদিক থেকে পরবর্তী বছরের মধ্যে এ অর্থ পাওয়া দরকার বলে জানান তিনি। এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য অর্থায়ন (ট্রেড ফাইন্যান্সিং) নিয়েও আলোচনা হয়েছে মুহিতের। মুহিত বলেন, ‘আমি বলেছি, বাণিজ্য অর্থায়ন দরকার। এটা পাই না বলে খরচ বেড়ে যায়। তারা বলেছে, এডিবি বাণিজ্য অর্থায়ন করে মূলত বেসরকারি খাতে।’ অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প, যেখানে পাঁচ থেকে ছয় সংস্থা মিলে কাজ হয়, সেখানে সমন্বয়ের সমস্যা একটু হয়ই। এডিবির কাছে অর্থ চাওয়া হলে সংস্থাটি কী মনোভাব দেখিয়েছে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো, তবে সবকিছু নির্ভর করছে পদ্মা সেতুর ওপর।’ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জোয়েলিক বিদায় নিলে পদ্মা সেতুর ব্যাপারে একটি সুরাহা হতে পারে বলে মানুষ বলাবলি করছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তা আমি জানি না।’