পদ্মা সেতু প্রকল্পে কারিগরি সহায়তা দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার চাইলে পদ্মা সেতু প্রকল্পে কারিগরি সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সচিবালয়ে গতকাল সোমবার এডিবির মহাপরিচালক (ডিজি) জুয়ান মিরান্ডার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
পদ্মা সেতু প্রকল্পে এডিবির কারিগরি সহায়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি যে পদ্মা সেতু আমরা নিজেরাই বাস্তবায়ন করছি। কারিগরি সহায়তার দরকার পড়লে তোমাদের কাছে চাইতে পারি। তোমরা সহায়তা করবে কি না? জবাবে তাঁরা বলেছেন যে, করব।’
পুঁজিবাজার উন্নয়নে এডিবির বড় আকারের একটি প্রকল্প বর্তমানে চলমান। এ প্রকল্পের অর্থায়নের জন্য এডিবির অনেক পূর্ব শর্তের মধ্যে রয়েছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ) প্রণয়ন।
অর্থমন্ত্রী বলেন, ‘আইন তো প্রস্তুত হয়ে আছে। তবে এটি এবারের নয়, বরং সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হবে।’
বৈঠক শেষে চলে যাওয়ার সময় এডিবির ডিজি জুয়ান মিরান্ডা সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু কীভাবে হবে, কারা এতে অর্থায়ন করবে তার চেয়েও বড় কথা হলো প্রকল্পটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার নিজেই এটি বাস্তবায়ন করবে বলে বলেছে।’