পদ্মা সেতু প্রকল্পে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রস্তাব
পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয় অর্থের অর্ধেকই পুঁজিবাজার থেকে জোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগামী তিন বছরে পর্যায়ক্রমে সরকারের হাতে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারে ছেড়ে পদ্মা সেতুর অর্থ সংগ্রহের প্রস্তাব করেছে সম্প্রতি গঠিত পুঁজিবাজার সমন্বয় কমিটি। কমিটির পক্ষে গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাব তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। সম্প্রতি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদকে প্রধান করে ‘পুঁজিবাজার সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নূরুল আমিন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবীর হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ এবং বিনিয়োগকারী প্রতিনিধি ও ডিএসইর পরিচালক ওয়াকার উজ জামান। নতুন এ কমিটির সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে রয়েছেন ডিএসইর সভাপতি। কমিটির সভা শেষে গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কমিটি প্রতি মাসে একবার করে সভায় মিলিত হবে। সেই সঙ্গে বাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করবে। প্রয়োজনে সমস্যা সমাধানে সরকারপ্রধানেরও সহায়তা নেওয়া হবে। কমিটি গঠনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে জানানো হয়, বাজারসংশ্লিষ্ট সবাই যাতে নিজ নিজ অবস্থানে থেকে যথাযথ দায়িত্ব পালন করেন, সে জন্য কাজ করবে কমিটি। একটি সুষ্ঠু ও গতিশীল পুঁজিবাজার নিশ্চিত করাই সবার লক্ষ্য। কমিটির প্রধান বলেন, পুঁজিবাজারকে বর্তমান অবস্থা থেকে ওপরের দিকে নিয়ে আসতে পারলে ও স্থিতিশীল করা গেলে ভিশন ২০২১ বাস্তবায়ন সহজ হবে। পদ্মা সেতুর অর্থায়ন প্রসঙ্গে ডিএসইর সভাপতি লিখিত প্রস্তাবনায় বলেন, পুঁজিবাজারকে কাজে লাগিয়ে পদ্মা সেতু প্রকল্পে জনগণকে সম্পৃক্ত করা গেলে এর তহবিল ব্যয় (কস্ট অব ফান্ড) কমে যাবে। এ সেতু নির্মাণে ব্যাংক বা অন্য কোনো খাত থেকে অর্থ সংগ্রহ করলে সুদের কারণে এতে সরকারের ব্যয় বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বেসরকারি খাত ও দেশের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। তার পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ অনেক সহজ হবে। এর আগে ২০০৯ সালেও ডিএসইর পক্ষ থেকে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। তবে বাজার বিশ্লেষকদের অনেকেই বলছেন, নবগঠিত এ সমন্বয় কমিটির অনেক সদস্যই ২০১০ সালে পুঁজিবাজার ধসের পর বাজারে স্থিতিশীলতা ফেরানোর নামে নানা ঘোষণা দেন। কিন্তু সেসবের বেশির ভাগই পরে আর বাস্তবায়িত হয়নি। ২০১১ সালে এফবিসিসিআই, বিএবিসহ আরও অনেকে মিলে পাঁচ হাজার কোটি টাকার ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ গঠনের ঘোষণা দিয়েছিলেন। পরে সেই তহবিল আর আলোর মুখ দেখেনি। এরপর কিছুদিনের বিরতি দিয়ে আবারও সেসব আশ্বাস প্রদানকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে আবার সক্রিয় হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মনে নানা প্রশ্ন দেখা দিতে পারে বলেও মন্তব্য করছেন বাজার বিশ্লেষকদের অনেকে।