পদ্মা সেতু বিশ্বব্যাংকের বোর্ডে উঠছে আজ
পদ্মা সেতুর সব দলিল ও প্রতিশ্রুত অর্থ বিষয়টি অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে (দিবাগত রাতে) বিশ্বব্যাংকের বোর্ড সভায় উঠছে।বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এসব দলিল ওয়াশিংটন অফিসে পাঠানো হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়াশিংটনে পৌঁছে গেছেন।বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়ে ৬১ কোটি ডলার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেবে। অন্যদিকে জাপানি সাহায্য সংস্থা জাইকা ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে।সম্প্রতি ১০ হাজার কোটি টাকার বেশি ব্যয় প্রাক্কলন করে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সংশোধন করার পর পদ্মা সেতুর নির্মাণব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকা। এর মধ্যে দাতারা দেবে ১৬ হাজার ২৪৯ কোটি টাকা। সংশোধিত প্রকল্প অনুযায়ী ২০১৫ সালের জুন মাসে সেতুর নির্মাণকাজ শেষ হবে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া-জাজিরা পয়েন্টে সেতুটি নির্মিত হবে।