সম্পূর্ণ দেশীয় উদ্যোগ ও অর্থায়নে পদ্মা সেতু তৈরি সম্ভব। এ জন্য প্রয়োজন রাজনৈতিক ও জাতীয় সমঝোতা। অর্থের সংস্থান কোনো সমস্যা নয়। এমন মত দিয়েছেন ব্যাংকার, অর্থনীতিবিদ, সরকারের আমলা, প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা পদ্মা সেতুতে অর্থায়নের সম্ভাব্য একটি রূপরেখাও তুলে ধরেছেন। তবে বিচ্ছিন্নভাবে প্রস্তাবনা তুলে ধরার পরিবর্তে পদ্মা সেতু বাস্তবায়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার মাধ্যমে অর্থায়নের সব প্রস্তাব তুলে ধরার সুপারিশ করেছেন তাঁরা। সেই সঙ্গে বক্তারা পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলের ঘটনাকে নিজেদের সামর্থ্য ও শক্তি তুলে ধরার দুর্বল সুযোগ বলেও অভিহিত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়।আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জনপ্রত্যাশিত পদ্মা সেতু: বর্তমান প্রেক্ষিত ও জাতীয় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সাংসদ মাহবুবুর রহমান। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান।সেমিনারে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘দেশীয় অর্থে পদ্মা সেতু করতে বছরে দরকার হবে গড়ে ছয় হাজার কোটি টাকা। আমরা বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে প্রতিবছর যে পরিমাণ ভর্তুকি দিয়ে আসছি, তা একটু কাটছাঁট করলেই তিন-চার হাজার কোটি টাকার সংস্থান করা সম্ভব। আর প্রবাসী বাংলাদেশিদের কাছে বন্ড ছেড়ে অনায়াসে পাঁচ-ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা যাবে।’দেশীয় অর্থায়নে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ পড়বে না বলেও উল্লেখ করেন খালেদ। যুক্তি হিসেবে তিনি বলেন, ‘আমাদের যে রিজার্ভ রয়েছে, তা থেকে বছরে ২০০ কোটি ডলার খরচ করলে কোনো চাপ পড়বে না। আর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমরা যে অর্থ সংগ্রহ করব, সেগুলো আসবে ডলারে। তাই রিজার্ভ সংকটে পড়বে না।’ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়ন এখন একটি আন্দোলন। “ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো”—বঙ্গবন্ধুর এমন আহ্বানে লাঠি নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বলে পরে ভারত ও রাশিয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ঠিক তেমনি “ঘরে ঘরে সঞ্চয় গড়ে তোলো”—শেখ হাসিনার এমন আহ্বানে সাড়া দিয়ে পদ্মা সেতু বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা শুরু করলে অনেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হবে।’খালেদ বিশ্বব্যাংক উত্থাপিত পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগকে বাংলাদেশ পুলিশের এফআইআরের সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, রাজনৈতিকভাবে এ দেশের পুলিশ মাঝে মাঝে এমন এমন কিছু লোকের নাম এফআইআরে অন্তর্ভুক্ত করে, যাঁরা হয়তো ঘটনার সময় দেশেই ছিলেন না।কাজী খলীকুজ্জমান বলেন, বর্তমানে এ দেশের প্রায় ৮০ লাখ লোক বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তাঁদের মধ্যে অনেক বিলিয়নারও রয়েছেন। যদি ২০ লাখ প্রবাসী বাংলাদেশিও পদ্মা সেতুর জন্য সরকারি বন্ড ক্রয় করেন, তাহলেও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থানে অসুবিধা হওয়ার কোনো কারণ দেখি না। কাজী খলীকুজ্জমান আরও বলেন, ‘আমি এমন একজন বাংলাদেশিকে জানি, যিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৯০ কিলোমিটারের একটি টোল সড়ক তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সরকারের সঙ্গে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনায় আগ্রহী।’খলীকুজ্জমান বলেন, দেশীয় অর্থায়নে পদ্মা সেতু তৈরির জন্য দরকার উচ্চপর্যায়ের একটি কমিটি। যেসব লোকের সততা প্রশ্নবিদ্ধ, সে রকম কাউকে ওই কমিটিতে রাখা যাবে না। সেই সঙ্গে দরকার রাজনৈতিক ও জাতীয় ঐক্যমত। তা হলে অর্থ জোগাড়ে কোনো সমস্যা হবে না।এদিকে মূল প্রবন্ধে আইডিইবির পক্ষ থেকে পদ্মা সেতুর অর্থায়নের একটি রূপরেখা তুলে ধরা হয়। তাতে বলা হয়, দেশের প্রায় ১১ কোটি মোবাইল ব্যবহারকারীর কাছ থেকে বছরে ৩০০ টাকা করে পাঁচ বছরে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা; ১৬ লাখ গাড়ির মালিকের কাছ থেকে বছরে ১০ হাজার টাকা করে পাঁচ বছরে আট হাজার কোটি টাকা; সরকারি-বেসরকারি ২৫ লাখ কর্মকর্তা-কর্মচারীরকাছ থেকে বছরে দুই হাজার টাকা করে পাঁচ বছরে আড়াই হাজার কোটি টাকা এবং গুলশান, বনানী ও উত্তরায় সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে ফ্ল্যাট নির্মাণ করে সেগুলো বিক্রি থেকে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা সম্ভব।সেমিনারে আরও বক্তব্য দেন প্রকৌশলী এ বি এম আনোয়ারুল হক, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম শফিউল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ প্রমুখ।