পদ্মা সেতুর অর্থায়নে ছাড়া হবে সার্বভৌম বন্ড: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বাংলাদেশ। দুই বছর সময়কালে ১০০ কোটি ডলারের এই বন্ড ছাড়া হবে। ৫ থেকে ১০ বছর মেয়াদি এই বন্ডের সুদের হার হবে সাড়ে ৫ শতাংশ। এই অর্থ মূলত পদ্মা সেতু নির্মাণে ব্যবহার করা হবে। গতকাল রোববার জাতীয় সংসদের চারটি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য দেন। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে পদ্মা সেতু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা বিবেচনায় এখনই সার্বভৌম বন্ড ছাড়ার ভালো সময়। এই অর্থ বাজেট ঘাটতি পূরণে ব্যবহার করা ঠিক হবে না। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ব্যবহার করা যেতে পারে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।পদ্মা সেতু সম্পর্কে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া দ্রুততর করা এখন আমার জন্য বাধ্যবাধকতা হয়ে গেছে। আগামী সপ্তাহে পদ্মা সেতু নির্মাণের একটি রূপরেখা দেওয়া হবে, সেখানে বলা থাকবে কবে থেকে দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু হবে।’বিশ্বব্যাংকের অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির চেষ্টা হয়েছে। বিশ্বব্যাংক নমস্য যে তারা আমাদের সাবধান করে দিয়েছে।’আগামী বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট হচ্ছে বর্তমান সরকারের শেষ বাজেট। এ কারণে জনগণের কাছে আমাদের কী অঙ্গীকার ছিল, কী কী বাস্তবায়িত হয়েছে, তার একটা হিসাব থাকবে। বেশির ভাগ অঙ্গীকার বাস্তবায়নে আমরা সফল হয়েছি। তবে ব্যর্থতা যে নেই, তা বলব না। স্থানীয় সরকার শক্তিশালী হয়নি। আধুনিক পরিবহনব্যবস্থার উন্নয়নে খুব বেশি কিছু করতে পেরেছি, তা বলতে পারব না। এ ছাড়া আগামী বাজেটে রেল খাতের একটি মহাপরিকল্পনাও থাকবে।’অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার মাত্র দুই হাজার কোটি টাকা কমে এক লাখ ৮৯ হাজার কোটি করা হচ্ছে। পদ্মা সেতু প্রসঙ্গে সাংসদেরা: আলোচনায় অংশ নিয়ে সাংসদ ছায়েদুল হক বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে কি না, ভবিষ্যৎ বাজেটে প্রভাব পড়বে কি না—এটা জানা দরকার। তাঁর মতে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হলে অর্থনীতিতে ‘সাংঘাতিক’ প্রভাব পড়বে। সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ তাঁর বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ আরও দ্রুততর করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে বিপর্যয় এড়াতে শেয়ারবাজারকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।আবদুল মান্নান বলেন, নিজস্ব অর্থায়নের ওপর ভরসা করে কোরিয়া, জাপানের বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণে দরপত্রে অংশ নেবে কি না, সন্দেহ রয়েছে। বজলুল হক হারুন বলেন, ‘পদ্মা সেতুর একটি খুঁটিও নির্মাণ হয়নি। আগামী জাতীয় নির্বাচনের আগে অন্তত একটি খুঁটি নির্মাণ করা হলে আমরা সবাই পাস করব।’এ ছাড়া বক্তব্য দেন টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।প্রসঙ্গ হল-মার্ক: হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালককে (তানভীর মাহমুদ) জামিনে বের করে আনার ব্যাপারে গত বুধবারের বক্তব্যের কারণে গত শনিবার দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গত শনিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্কের এমডির জামিনের ব্যাপারে ওই দিন যে কথা বলেছি, ওইভাবে বলাটা আমার উচিত হয়নি।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘হল-মার্ক কেলেঙ্কারিতে হল-মার্কের লোকেরা ছাড়া আরও কর্তৃপক্ষ জড়িত। তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ কথা বলেছি। কিন্তু দুদক তাদের ব্যাপারে নমনীয়।’অর্থমন্ত্রী বলেন, ‘এত বড় জালিয়াতির জন্য সোনালী ব্যাংকেরই মূল দায়িত্ব। হল-মার্ক আমার কাছে দরখাস্ত করে যে তাদের ৪০ হাজার শ্রমিক বেকার। সম্পদ আছে তাদের। এই সম্পদের সদ্ব্যবহার কীভাবে হতে পারে, দেখা দরকার। মূল বিষয় হচ্ছে, কারখানাগুলো বন্ধ। তাদের তো কিছু কার্যক্রম ছিল। যদিও বিপুল পরিমাণ অর্থ চুরি হয়েছে। এখন সোনালী ব্যাংক একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে। কারখানা চালু হতে পারে কি না, দেখা যাবে তখনই।’অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্কে প্রশাসক নিয়োগ করতে পারব কি না, জানি না। তবে আমার কাছে মনে হয়, বিনিয়োগকারীদের বিপুল বিনিয়োগ রয়েছে এখানে।’