পদ্মা সেতুর খবরে বাজারে দরপতন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার শুরুতে চাঙাভাবের মধ্যে লেনদেন চললেও দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। পদ্মা সেতু নিয়ে একটি খবর বাজারে ছড়িয়ে পড়ার পর দরপতন ত্বরান্বিত হয়। দিনের লেনদেন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের একটি ব্যাখ্যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। ‘পদ্মা সেতু পকল্প নিয়ে বিশ্বব্যাংকের অবস্থানের ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন’ বলে বিশ্বব্যাংকের ওই ব্যাখ্যায় বলা হয়। এ-সংক্রান্ত একটি বিবৃতি বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আজ দুপুরে এ বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়, যা দরপতন ত্বরান্বিত করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে ৪৭৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। বেলা একটা পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকে। তবে এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, বিএসসিসিএল, ইউসিবিএল, কেয়া কসমেটিকস, সায়হাম কটন, বিকন ফার্মা, আমরা টেকনোলজিস, লংকাবাংলা ফিন্যান্স প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৫ পয়েন্ট কমে ১৪৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দাম বেড়েছে, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি।