পদ্মা সেতুর জন্য সারচার্জ এ বছর আদায় নয়: মুহিত
পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরুর জন্য যে পরিমাণ অর্থের দরকার, তা সরকারের হাতে রয়েছে। সুতরাং, এ বছর সেতু নির্মাণের জন্য জনগণের কাছ থেকে কোনো সারচার্জ নিতে হবে না।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার টেলিযোগাযোগ-সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন। পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংককে নতুন করে কোনো চিঠি দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর জন্য দুটি হিসাব খোলা হবে। একটি বৈদেশিক মুদ্রায়, অপরটি স্থানীয় মুদ্রায়। বড় অঙ্কের টাকা যাঁরা দিতে চান, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করতে পারেন। তবে প্রতিটি টাকাই খরচ হবে বাজেটের মাধ্যমে। সেতু বিভাগ এ হিসাব পরিচালনা করবে। হিসাব খোলার নিয়মকানুন ঠিক করা হয়েছে জানিয়ে মুহিত বলেন, ‘এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। সরকারি ব্যাংকের পাশাপাশি আমরা চাচ্ছি, বেসরকারি ব্যাংকেও হিসাব খোলার জন্য। এ কারণেই হিসাব খোলা হচ্ছে না এখনো।’ বিশ্বব্যাংকসহ চার উন্নয়ন সহযোগী সংস্থাকে পাঠানো চিঠি বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা এসব তথ্য কোথা থেকে পান? অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে আর কোনো চিঠি যায়নি।’ ‘বিশ্বব্যাংক কার্যালয়ে আমাদের নির্বাহী পরিচালক রয়েছেন’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তিনিই বিষয়টি দেখছেন। পদ্মা সেতু নিয়ে জাইকা ও বিশ্বব্যাংকের বৈঠক আজ ভোরে মাত্র শেষ হয়েছে। এ বৈঠকের খবর এখনো পাওয়া যায়নি। সরকার সবকিছুই করেছে কিন্তু দেরিতে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিষ্পত্তির জন্য অনেক আগেই বিশ্বব্যাংককে বলে আসছি। অন্যরাও বলেছে। কিন্তু বিশ্বব্যাংক এ বিষয়ে আলোচনা শুরু করে গত ৪ জুন। এর পরই চারটি শর্ত দেয় তারা।’ অর্থমন্ত্রী বলেন, দুটি শর্ত তখনই পূরণ করা হয়। তৃতীয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার আইন অনুযায়ী কোনো তথ্য অন্য কোনো সংস্থার সঙ্গে শেয়ার করতে পারে না। চতুর্থটিতে তারা বলেছে, অভিযোগে যাদের নাম আছে, তাদের বাধ্যতামূলক ছুটি দেওয়া। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রমাণ লাগবে। কিন্তু যে উৎস থেকে তারা দুর্নীতির প্রমাণ পেয়েছে, সেটা প্রকাশ করতে রাজি নয় তারা (বিশ্বব্যাংক)। এই অবস্থায় তাদের অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই।’বিশ্বব্যাংক যদি ফিরে না আসে তাহলে কী হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’পদ্মা সেতু নির্মাণে চারটি বিকল্প নিয়ে এগোনোর কথা বলে মুহিত আবারও জানান, প্রথম বিকল্পটি হলো বিশ্বব্যাংকসহ পুরোনো কাঠামো, দ্বিতীয়টি বিশ্বব্যাংক ছাড়া অপর তিন দাতা সংস্থা ও সম্ভব হলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা, তৃতীয়টি সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে মালয়েশিয়ার প্রস্তাব এবং চতুর্থটি নিজস্ব অর্থায়ন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রস্তাবটি পূর্ণাঙ্গ নয়। অপর তিন দাতা সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আইডিবি তাদের মতামত জানিয়ে দিয়েছে। জাইকার সঙ্গেও আলোচনা চলছে।’সেতু নির্মাণের এ চার সম্ভাব্য উপায় নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে কয়েক দিন ধরে প্রায় একই কথা বলে যাচ্ছেন। সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সেদিন আমি বলেছি, আবুল ইজ ইন টাউন। আর, আপনারা সবাই লিখেছেন আবুল ইজ ডাউন।’ এ কথা বলেই হাসিতে ফেটে পড়েন অর্থমন্ত্রী।আগামী আগস্টের মধ্যে মোবাইল ফোন অপারেটর কোম্পানির টু-জি লাইসেন্স নবায়ন করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বৈঠকে থ্রি-জি লাইসেন্স নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, সরকার ও মোবাইল ফোন অপারেটররা তিনটি বিষয়ে একমত হয়েছে। লাইসেন্স নবায়নে মার্কেট ফ্যাক্টর কম্পিটিশন ধরা হয়েছিল ২০০৮ সাল থেকে। এখন তা হবে ২০১০ থেকে। তিনি জানান, লাইসেন্স নবায়নে বিটিআরসির অর্থের সঙ্গে এনবিআরের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। পরে লাইসেন্স নবায়নের সময় এ টাকা ছাড় পাবে কোম্পানিগুলো।