পদ্মা সেতুর দরপত্রের খসড়া দাতাদের দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দরপত্রের খসড়া দলিল প্রস্তুত করে দাতা সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। তারা এর ওপর মতামত দেওয়ার পর চূড়ান্তভাবে দরপত্র আহ্বান করা হবে। গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পদ্মা সেতুর নির্মাণে অর্থ সহায়তাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সরকারের নীতিনির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, পদ্মা সেতু তৈরিতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক ৫৫ কোটি ডলার, ইসলামি উন্নয়ন ব্যাংক ১২ কোটি ডলার, জাইকা ৩০ কোটি ডলার এবং আবুধাবি উন্নয়ন গ্রুপ তিন কোটি ১০ লাখ ডলার জোগান দেবে। আর ১৪ কোটি ডলার পুঁজিবাজারে বন্ড ইস্যু করে সংগ্রহ করা হবে।যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে অর্থায়নকারী দাতাদের যার যার নিজস্ব নীতিমালা রয়েছে। এটি সুসমন্বিত হলে ভালো হবে। তিনি বলেন, দাতাদের কাছে দরপত্রের খসড়া উপস্থাপন করা হয়েছে। তারা এখন বিষয়টির খুঁটিনাটি দেখবে। এরপর দরপত্র আহ্বান করা হবে। এর আগে যোগাযোগমন্ত্রী বলেছিলেন, ফেব্রুয়ারির মধ্যেই পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। দাতাদের আপত্তি প্রসঙ্গে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ছোটখাটো কিছু পরামর্শ দিয়েছে তারা। আর বলেছে, সরকার যেভাবে চায় সেভাবেই হবে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পদ্মা সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে এবং এর নির্মাণকাজও সম্পন্ন হবে ২০১৩ সালের মধ্যেই। অর্থ সহায়তা নিয়ে কোনো সমস্যা আছে কি না—জানতে চাইলে এ কে খন্দকার বলেন, দাতা সংস্থা থেকে বলা হয়েছে কোনো অসুবিধা নেই। গত ডিসেম্বরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, দুই দফা বাড়ানোর পর পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি ডলার। প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৪০ কোটি ডলার। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তা বাড়িয়ে ১৮০ কোটি ডলার করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর করা হয় ১৯০ কোটি ডলার। এরপর আবার বাড়িয়ে ২৪০ কোটি ডলার করা হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক: এর আগে গতকাল সকালে ইআরডি কার্যালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রের। বার্তা সংস্থা ইউএনবি এ খবর পরিবেশন করেছে।বৈঠক শেষ রজিত মিত্র বলেছেন, ভারত-বাংলাদেশের সাম্প্রতিক যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। রজিত মিত্র বলেন, আপাতত শুরু হয়েছে কারিগরি বিষয়গুলোর বাস্তবায়ন। যৌথ ঘোষণায় রেল, সড়ক ও নদীপথের জন্য তিনটি বিষয় রয়েছে। এগুলো হচ্ছে—রেলপথের জন্য লোকোমোটিভস ও কোচ, সড়কপথের জন্য বাস এবং নদীপথের জন্য ড্রেজার সরবরাহ।ভারতীয় হাইকমিশনার আরও জানান, ভারতের দুই সদস্যের একটি দল বাংলাদেশ সফরে এসেছে এ ব্যাপারে কাজ করতে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।