যশোরে এক সেমিনারে বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা এবং পদ্মা সেতুর নকশায় রেল যোগাযোগের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার যশোর শহরে ব্র্যাকের প্রশিক্ষণকেন্দ্রে ‘বিশ্বব্যাংকের চার বছরের কৌশলপত্র নির্ধারণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যশোর, খুলনা, নড়াইল ও ঝিনাইদহ জেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৪৭ জন প্রতিনিধি অংশ নেন। উল্লিখিত কৌশলপত্র সম্পর্কে ধারণা দেন সেমিনারের আয়োজক বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ নগরবিশেষজ্ঞ জাহেদ খান।সেমিনারে বলা হয়, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বিদেশি সংস্থার অর্থায়নে সড়কপথের উন্নতির নামে খাল-বিল-নদী ভরাট করে যেনতেনভাবে কালভার্ট ও সেতু নির্মাণের কারণে দেশের নৌ ও রেলপথ ধ্বংস হয়েছে। এতে উজানের পলি সাগরে যাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, যার শিকার হয়েছে এ অঞ্চলের কোটি কোটি মানুষ।সেমিনারে আরও জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে অদূর ভবিষ্যতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতকরা ১৫ ভাগ এলাকা হারিয়ে যেতে পারে। আর এ রকমটা হলে এ অঞ্চলের অন্তত দুই কোটি মানুষকে অন্যত্র সরে যেতে হবে।