পদ্মা সেতুর পাথর নিয়ে সমস্যায় হিলি বন্দর
পদ্মা সেতুর জন্য ভারত থেকে আমদানি করা পাথর হিলি স্থলবন্দরে পরিমাপ করতে সমস্যা হচ্ছে। আর এটি হচ্ছে স্থলবন্দরটির অব্যবস্থাপনার কারণে। সমাধান চেয়ে দিনাজপুরের সাংসদ শিবলী সাদিক গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে আবেদন করেছেন।
সাংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর অর্থমন্ত্রী বলেছেন, ‘পাথর আমদানির বিষয় সম্বন্ধে পূর্ণ চিত্র পাওয়া মুশকিল। হয় পদ্মা সেতু প্রকল্প পরিচালক অথবা পাথর আমদানির মন্ত্রণালয় একটি পূর্ণ প্রতিবেদন পেশ করতে পারে।’
অর্থমন্ত্রীর মতামতের তথ্য উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে।
সাংসদ শিবলী সাদিকের আবেদনপত্রে বলা হয়েছে, পদ্মা সেতুর জন্য ভারত থেকে বড় বড় পাথর (বোল্ডার স্টোন) আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। অন্য স্থলবন্দরে দুই থেকে তিনটি করে ওয়েব্রিজ (ওজন পরিমাপক যন্ত্র) থাকলেও হিলি স্থলবন্দরে মাত্র একটি ওয়েব্রিজ। এ কারণে পদ্মা সেতুর জন্য আসা পাথরের শতাধিক ট্রাক অপেক্ষমাণ থাকছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।’
হিলি স্থলবন্দরে একাধিক ওয়েব্রিজ দরকার বলে মনে করেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি আনোয়ারুল ইসলাম। মাল ওঠানো-নামানোর কাজ করলেও শ্রমিকেরা কোনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রতিনিধিদল হিলি স্থলবন্দর সরেজমিনে দেখে ওয়েব্রিজ স্থাপনসহ হিলি স্থলবন্দরের উন্নয়নে সুপারিশ করেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে ৮ লাখ ৪৮ হাজার ১২ টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। এর মধ্যে আমদানি হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭৭ টন পণ্য। আর রপ্তানি হয়েছে ৬ হাজার ১৩৫ টন পণ্য।