পদ্মা সেতুসহ সব প্রকল্পেই জাপানি সহায়তা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য প্রতিশ্রুত জাপানি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ সব প্রকল্পেই জাপান সহায়তা দেবে। এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাওয়ার পরও সহায়তা দিতে পিছপা হয় না জাপান। কারণ, তাদের নীতিটিই এ রকম।গতকাল রোববার সচিবালয়ে জাপানের বিশেষ রাষ্ট্রদূত শিরো সাদোশিমার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তবে অর্থনৈতিক সম্পর্ক ব্যাপক নয়। আমার কাছেও মনে হয়, ৩০ বছর ধরে সহায়তা করে এলেও বাংলাদেশের জন্য বাণিজ্য-ব্যবসাসংক্রান্ত জাপানি সহায়তা তুলনামূলক কম।’ জাপানের সাবেক শিল্পমন্ত্রী আগামী বছর একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে সাদোশিমা অর্থমন্ত্রীকে জানিয়েছেন। মুহিত বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বাড়াতে জাপানের আগ্রহ আছে। এই আগ্রহটাকে পুঁজি করতে হবে বলে তিনি মনে করেন। অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে জাপানের অর্থায়নের বিষয়ে সাদোশিমা বলেছেন, এটা নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না। তবে এ সেতুর অর্থায়নে সবার সঙ্গে জাপানও আছে।’ এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কয়লাভিত্তিক এক হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি সমীক্ষা করা হবে। তিনি বলেন, এটি যৌথ মালিকানার ভিত্তিতে হবে। যৌথ মালিকানার বিভিন্ন শর্ত নিয়ে আজ (রোববার) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, গ্যাসের চেয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে খরচ সামান্য বেশি হবে। শেয়ারবাজার প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিতান্তই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ব্যাপার। আমার হাতে কিছু নেই।’