পদ্মার অর্ধেক অর্থ পুঁজিবাজার থেকেই সম্ভব: রকিবুর
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের অর্ধেক অর্থ পুঁজিবাজার থেকেই তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। আজ রোববার দুপুরে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রকিবুর রহমান বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে পুঁজিবাজার সবচেয়ে কার্যকর ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার যে পরিকল্পনা করা হয়েছে, পুঁজিবাজার হতে পারে সে পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম অংশীদার। তিনি বলেন, ডিএসই মনে করে, সরকার ব্যাংক বা অন্য কোনো খাত থেকে অর্থ সংগ্রহ করলে ব্যাংকের সুদের কারণে ব্যয় অনেক গুণ বেড়ে যাবে।রকিবুর রহমান আরও বলেন, আগামী তিন বছর পর্যায়ক্রমে সরকারের হাতে থাকা কিছু কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর আরও কিছু শেয়ার ছেড়ে দিলে পদ্মা সেতুর টাকা সংগ্রহ করা খুব বেশি কঠিন হবে না। ‘পদ্মা সেতু প্রকল্পের অন্তত অর্ধেক টাকা পুঁজিবাজার থেকে তোলা সম্ভব’ বলে মন্তব্য করেন তিনি।এর আগে সম্প্র্রতি গঠিত পুঁজিবাজার সমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আকরাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা একটি অবস্থানে আছি। বাজারের প্রতি চেষ্টা ও সহানুভূতি থাকবে। সীমাবদ্ধতার মধ্যে থেকেও বাজারের জন্য কাজ করব।’ তিনি আরও বলেন, এই কমিটি মাসে অন্তত একবার বৈঠক করবে। নিজ নিজ অবস্থানে থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করছে কি না তা তদারক করবে কমিটি। কোনো সমস্যা হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও প্রয়োজনে সরকারপ্রধানের সঙ্গেও আলোচনা করবে এই কমিটি। প্রসঙ্গত, পুঁজিবাজার সচল ও চাঙা করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। এর মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা হবে।