
নিজের ওপর ভরসা করে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নিয়ে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। ১০ বছর আগে হলে এটা ভাবা যেত না। তখন ভাবা হতো, এত বিদেশি মুদ্রা কোথায় পাব? এখন একটি স্বাস্থ্যবান বৈদেশিক মুদ্রার মজুত আছে।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সফররত বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পদ্মাসেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে কৌশিক বসু বলেন, অতীতে যাই হোক না কেন, এর ফলাফল খুব ভালো। এর একটি খারাপ ইতিহাস রয়েছে, তবে চূড়ান্তভাবে ফলাফলটা ভালো। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেতুর নির্মাণের কাজের উদ্বোধন করেছেন। তাঁর মতে, বাংলাদেশ এখন অনেক ‘ম্যাচিউর’। এটি বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন মাত্রার অংশীদারি সম্পর্ক তৈরি করবে।
কৌশিক বসুর মতে, বাংলাদেশের অর্থনীতি এখন উড়ন্ত সূচনার পর্যায়ে রয়েছে। বিনিয়োগের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৯ শতাংশের সমপরিমাণ। আগামী কয়েক বছরে এ বিনিয়োগ আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি করতে পারলে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন খুবই সম্ভব। বাংলাদেশ এশিয়ার টাইগার দেশগুলোর একটিতে পরিণত হবে। বিশ্বমন্দার মধ্যেও গত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় শতাংশের ওপরে রয়েছে। কৌশিক বসুর ভাষায় প্রবৃদ্ধি ‘চর চর’, ‘তর তর’ করে বাড়ছে।
বিশ্বব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ মনে করেন, বাংলাদেশের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো দুর্বল অবকাঠামো এবং ব্যবসায় প্রশাসনিক জটিলতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, প্রধান অর্থনীতিবিদ বিরু পাক্ষ পাল, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা।