পপুলার লাইফের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ১৩ এপ্রিল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে এক মাসে ১০ মামলা!’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে পপুলার লাইফ কোনো মামলা করেনি। কারণ দর্শাও নোটিশ দেওয়ার পর থেকে মামলা হওয়ায় চেয়ারম্যান কীভাবে নিশ্চিত হলেন যে এর সঙ্গে পপুলার লাইফ জড়িত? প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য দেওয়া সমীচীন নয়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ন, পরিচালকদের মানহানি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিবেদনে নিজামউদ্দিন তালুকদার সম্পর্কে প্রকাশিত তথ্যও সত্য নয় বলে দাবি করেছে পপুলার লাইফ। বলা হয়েছে, অর্থ আত্মসাতের দায়ে কোম্পানি তাঁর বিরুদ্ধে মামলা করেছে একটি। বাকি প্রতারণার মামলাগুলো পপুলার লাইফ করেনি।প্রতিবেদকের বক্তব্য: বিমা খাতের অনিয়ম-দুর্নীতিরোধে বিভিন্ন মহল থেকে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন আইডিআরএ চেয়ারম্যান। মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানিও করা হচ্ছিল। এসবের প্রতিকার চেয়ে তিনি সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগ এবং প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সবার বক্তব্যও ছাপা হয়েছে।