পবিত্র রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসন্ন রমজান সামনে রেখে কোনো মুনাফালোভী ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়িয়ে দিতে না পারে, সেদিকে সরকার খেয়াল রাখছে। রমজানকে পুঁজি করে আর মুনাফা করতে দেওয়া হবে না। কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে মুনাফালোভী ব্যবসায়ীদের দমন করা হবে।’বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল বুধবার সিলেটে ১২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘যাঁরা সৎ, সাহসী ও বুদ্ধিমান তাঁরাই ব্যবসা করেন। কিন্তু যেসব দুর্নীতিবাজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে বাজার-পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালাচ্ছে তাদের কালো হাত গুঁড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইকে।’নগরের শাহি ঈদগাহ মাঠে সিলেট চেম্বার অব কমার্স মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুজ জহির চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এতে আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও মেলার ইভেন্ট ম্যানেজার জাভেদ সিরাজ।বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়। সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার সুবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে।এ কে আজাদ হরতাল ডেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে নাজুক করে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আজকের বিরোধীদলীয় নেত্রী প্রধানমমন্ত্রী থাকাকালে আমাদের বলতেন হরতাল না করার জন্য। বর্তমান প্রধানমন্ত্রীও তাই বলছেন। হরতাল দেশের অর্থনীতি ও ব্যবসাকে ধ্বংস করে দেয়।’ তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘হরতালের সংস্কৃতি পরিহার করে ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। সরকার যদি ভুল করে তাহলে সংসদে গিয়ে কথা বলুন।’এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘ব্যবসায়ীরা গত অর্থবছর সরকারকে ৬২ হাজার কোটি টাকার রাজস্ব দিয়েছেন এবং চলতি অর্থবছরও ৭২ হাজার কোটি টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা ব্যবসায়ীরা যেহেতু এবার ৭২ হাজার কোটি টাকার রাজস্ব দেব, সেহেতু সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর উন্নয়নে সরকারকেও কাজ করতে হবে।