পর পর দুই দিন দাম কমল শেয়ারের
আরও এক দিন দরপতন হয়েছে শেয়ারবাজারে। লেনদেনও ছিল নিম্নমুখী। গত দুই দিনের পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আবার চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। গতকাল বুধবার ডিএসইর সাধারণ সূচক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৭৪ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমে হয়েছে তিন হাজার ৭৬২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৭০ পয়েন্ট বা ২ দশমিক ২৬ শতাংশ কমে নেমে এসেছে ১১ হাজার ৬৬৮ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে লেনদেন ঢাকার বাজারে ৩০০ কোটি এবং সিএসইতে ৪০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। অথচ গত রোববারও ঢাকার বাজারে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের দর হ্রাস বাজারের দরপতনের অন্যতম কারণ। গত দুই দিনে লেনদেন হওয়া প্রতিটি ব্যাংকের শেয়ারের দাম গড়ে ৫ শতাংশ কমে গেছে। ফলে এ খাতে নতুন করে বিনিয়োগ হওয়া অর্থের একটি বড় অংশ আটকে গেছে।এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, দেশের শেয়ারবাজারে গতকালের দরপতনটি ছিল অনেকটা অপ্রত্যাশিত। যে মাত্রায় সূচকের পতন ঘটেছে, সেটি প্রত্যাশিত ছিল না। যৌক্তিক কোনো কারণও নেই। তাই এই পতনে বিনিয়োগকারীদের মধ্যে আবার আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে। মোহাম্মদ মূসা আরও বলেন, ‘ডিএসইর সাধারণ সূচক আবারও চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গেছে। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আবার উদ্বেগ দেখা দিতে পারে।’ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের একটি বড় পুঁজি আটকে গেছে, তাই লেনদেনের পরিমাণও কমে গেছে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। তাঁর মতে, গত সোমবার হঠাৎ করে ব্যাংকিং খাতের শেয়ারের বেশ মূল্যবৃদ্ধি হয়। কিন্তু সেটি স্থায়ী না হওয়ায় বেশ কিছু পুঁজি আটকে গেছে। আর দরপতনের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ ভীত হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছে। কিন্তু তা আর পুনর্বিনিয়োগ করেনি। এতে গতকালের দরপতন ত্বরান্বিত হয়েছে। ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বুধবার সব খাতে দরপতন হয়েছে। সর্বোচ্চ দরপতন ঘটেছে আইটি খাতে। এ খাতের লেনদেন হওয়া প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলো। ঢাকার বাজারে গতকাল ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৩টিরই দাম কমেছে, বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩১৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে ২০টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।