পর পর দুই দিন বন্ধ থাকল আমেরিকার শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় স্যান্ডির প্রচণ্ড আঘাতের কাছে পরাভূত হয়ে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ গোটা আমেরিকার শেয়ারবাজার মঙ্গলবারও বন্ধ রাখতে হয়েছে। এর ফলে ১৮৮৮ সালের পর এই প্রথম পর পর দুই দিন প্রাকৃতিক দুর্যোগে দেশটির স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখতে হলো।তবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ন্যাসডাক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার তারা স্টক এক্সচেঞ্জ আবার খুলতে চায়। কেননা, বুধবার হলো মাসের শেষ কার্যদিবস (৩১ অক্টোবর)। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জলোচ্ছ্বাসের পানিতে বাইরে রাস্তাঘাট ও ভবন প্লাবিত হলেও যেখানে মূল লেনদেন হয়, সেই ট্রেডিং ফ্লোরের কোনো ক্ষতি হয়নি। এদিকে প্রাকৃতিক দুর্যোগের মুখে পরপর দুই দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখায় কর্তৃপক্ষের দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁরা এও বলেছেন, প্রযুক্তির উৎকর্ষের যুগেও যন্ত্রের চেয়ে মানুষের ভূমিকা যে গুরুত্বপূর্ণ, তা আবার প্রমাণিত হলো।বিশ্লেষকেরা বলছেন, একদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এসেছে, অন্যদিকে কর্মসংস্থানের হালনাগাদ তথ্যও শিগগিরই প্রকাশিত হবে। এ রকম একটা পরিস্থিতিতে স্যান্ডির আঘাত বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তাই বয়ে এনেছে। আর তাই বুধবার স্টক এক্সচেঞ্জে আবার লেনদেন শুরু হলে বাজারে বড় ধরনের দরপতন ঘটবে। সূত্র: বিবিসি ও এএফপি