পরপর দুবার স্বর্ণপদক পেল ১৫ রপ্তানিকারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) নিচ্ছেন (ঘড়ির কঁাটার দিকে) স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সায়ফুল ইসলাম এবং প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী l ছবি: বাসস ও সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) নিচ্ছেন (ঘড়ির কঁাটার দিকে) স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সায়ফুল ইসলাম এবং প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী l ছবি: বাসস ও সংগৃহীত

রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ১১৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিল সরকার। এর মধ্যে ১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরপর দুবার স্বর্ণপদক পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ওই সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন।
এ দফায় ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের রপ্তানি আয়ের জন্য এ পুরস্কার দেওয়া হয়। দুই বছরে মোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।
এর মধ্যে ২০১১-১২ অর্থবছরের জন্য স্বর্ণপদক পেয়েছে ২৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। আর ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং ৯টিকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে ২৬টি প্রতিষ্ঠানকে স্বর্ণপদক, ১৯টি প্রতিষ্ঠানকে রৌপ্য ও ১৫টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
এ ছাড়া খাতনির্বিশেষে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য স্বর্ণপদক ছিল। দুই বছরই এ পদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। এ ছাড়া প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট খাতেও সর্বোচ্চ রপ্তানি আয়ের পুরস্কার পেয়েছে।
২০১১-১২ অর্থবছরে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ১৭ কোটি ৮৩ লাখ ডলার আয় করে। ২০১২-১৩ অর্থবছরে তাদের আয় ছিল ১৬ কোটি ৯২ লাখ ডলার। প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জাবের।
আলোচ্য দুই বছরে মোট ১৫টি প্রতিষ্ঠান পরপর দুবার স্বর্ণপদক পেয়েছে। জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ছাড়া অন্যরা হলো হামীম গ্রুপের রিফাত গার্মেন্টস, এপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, ইউনিভার্সেল জিনস, শাশা ডেনিমস, রাজধানী এন্টারপ্রাইজ ও মন ট্রিমস।
দুই বছরের মধ্যে একবার স্বর্ণপদক পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ২০১১-১২ অর্থবছরের জন্য স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং, এগ্রি কনসার্ন, প্রাণ এক্সপোর্টস, ইউনিগ্লোরী সাইকেল, তানভীর পলিমার, বেক্সিমকো ফার্মা ও সার্ভিস ইঞ্জিন। ২০১২-১৩ অর্থবছরের জন্য জিএমএস কম্পোজিট, কামাল ইয়ার্ন, সাদ সান টেক্সটাইল, নোমান টেরিটাওয়েল, আল আজমী ট্রেড, প্রাণ ডেইরি, বিআরবি কেব্ল, মেরিন সেইফটি সিস্টেম, স্কয়ার ফার্মা, গ্রাফিকপিপল ও মীর টেলিকম।
২০১১-১২ অর্থবছরে ওই অর্থবছরে রৌপ্যপদক পাওয়া ১৮টি প্রতিষ্ঠান হচ্ছে অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, মোশারফ কম্পোজিট, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফআর জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, ফার্ম ফ্রেশ, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, এভারব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, আল-হাবিব এন্টারপ্রাইজ, গ্রাফিকপিপল ও জিন্স-২০০০।
এ বছর ব্রোঞ্জপদক প্রাপ্ত ৯টি প্রতিষ্ঠান হচ্ছে সিনহা ইন্ডাস্ট্রিজ, ফোর এইচ ফ্যাশনস, ভিয়েলাটেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কুলিয়ারচর সি ফুডস, রেজা জুট, করিম জুট, আল-আজমী ট্রেড ও প্রাণ ফুডস।
২০১২-১৩ অর্থবছরে ১৯টি রৌপ্যপদক প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশনস, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলায়েন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, বেঙ্গল প্লাস্টিক, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিন্স ও জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ।
ব্রোঞ্জপদক পাওয়া ১৫টি প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট, তালহা ফেব্রিক, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট, সাদাত জুট, বেঙ্গল লেদার, এবিসি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার, এলিন ফুডস, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিক ও ইউনিগ্লোরী পেপারস অ্যান্ড প্যাকেজিং।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকার রপ্তানিপণ্যের বাজার সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ইউরোপ, আমেরিকা ও কানাডার বাইরে নতুন বাজারে রপ্তানি বাড়াতে নগদ সহায়তার হার বাড়ানো হবে।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ রপ্তানি খাতে অবদানের জন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনকেও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বক্তব্য দেন।