সিপিডির আয়োজনে ঢাকায় ১১-১৩ জানুয়ারি বিশেষজ্ঞ দলের বৈঠক
পরবর্তী এমডিজিতে প্রান্তিক মানুষকে তুলে ধরার আহ্বান
২০১৫ পরবর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি-২) দক্ষিণ এশিয়ার প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে বিশেষজ্ঞ দলের বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। ‘সাউদার্ন ভয়েস অব পোস্ট এমডিজি’ শীর্ষক এই বৈঠকে প্রথম এমডিজির অনিষ্পত্তি বিষয়ের মূল্যায়ন হবে। সেই সঙ্গে পরবর্তী এমডিজিতে কোনো কোনো বিষয় অগ্রাধিকার পাবে, নতুন কী যোগ করা যায় ও বাস্তবায়নকাঠামো কী হতে পারে—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করছে সেন্টার ফর ডায়ালগ (সিপিডি)। এতে আন্তর্জাতিক ১৯টি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকেরা অংশ নেবেন। সিপিডির কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন, জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জাতিসংঘ যেসব ধারণা আমাদের চিন্তাজগতে পরিবর্তন এনেছে, তার মধ্যে এমডিজি অন্যতম। এর মাধ্যমেই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বঞ্চনা ইত্যাদি মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে। এটি একটি চমৎকার কর্মসূচি। সবাই এটি গ্রহণ করেছে।’ দেবপ্রিয় আরও বলেন, এমডিজিতে যেসব লক্ষ্য দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেক দেশই তা অর্জন করতে পারবে না। যেমন—আফ্রিকার দেশগুলো। তবে বাংলাদেশ আটটি লক্ষ্যের মধ্যে পাঁচটিতে ভালো অগ্রগতি দেখিয়েছে। দেবপ্রিয় বলেন, সার্বিকভাবে এমডিজির অনেক লক্ষ্য ও লক্ষ্যমাত্রাই অনিষ্পন্ন থেকে যাবে। এর সঙ্গে অর্থনৈতিক মন্দা, পরিবেশ বিপর্যয়সহ নতুন নতুন সমস্যা যোগ হয়েছে। অনেক দেশ সামাজিক অস্থিতিশীলতার মধ্যে ঢুকে গেছে। ফলে পরবর্তী এমডিজির এজেন্ডা ও বাস্তবায়নকাঠামো নির্ধারণ করা এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে দেখা যায় কর্মসূচি ঠিক করে বড়রা, আর ছোটরা তা বাস্তবায়ন করে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বলদের কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে। এ জন্য পরবর্তী এমডিজিতে দক্ষিণ এশিয়ার প্রান্তিক মানুষকে কীভাবে আরও সম্পৃক্ত করে একটি জ্ঞানমনস্ক নীতি করা যায়, সে জন্য ৪৯টি গবেষণা প্রতিষ্ঠান নতুন উদ্যোগ শুরু করেছে।