বাংলালিংক ও গ্রামীণফোন পারস্পরিক অবকাঠামো সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলালিংক প্রত্যন্ত অঞ্চলে তাদের নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাতে পারবে।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসজেডাল ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা পারস্পরিক অবকাঠামো সহযোগিতা চুক্তি করেন। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ উপস্থিত ছিলেন।ওডভার হেসজেডাল বলেন, এ চুক্তি বাংলাদেশের টেলিকম ইতিহাসে নতুন মাইলফলক, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশকে ‘কাছে নিয়ে আসার’ প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। এ চুক্তির আওতায় বাংলালিংক গ্রামীণফোনের অবকাঠামো ব্যবহার করে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে।আহমেদ আবু দোমা বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। উভয় প্রতিষ্ঠানই নিজ সম্পদের সুষম ব্যবহার করতে পারবে।অনুষ্ঠানে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি বলেন, এ খাতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার স্বার্থে সব ধরনের বাধা দূর করতে কমিশন ইতিমধ্যে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে।এ সময় গ্রামীণফোনের প্রধান কারিগরি কর্মকর্তা ফ্রোড স্টোলডাল, প্রধান করপোরেট ও কমিউনিকেশন কর্মকর্তা রায়হান শামসি এবং বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশার ইয়াকুব খান, প্রধান কারিগরি কর্মকর্তা আহমেদ ফাদীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।