প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়া সম্পর্কে মতামত দিতে ব্যবসায়ীদের আগ্রহ কম। ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের প্রথম দিনই কম সাড়া পাওয়াও এমনটিই বলে প্রতীয়মান হচ্ছে। গতকাল বুধবার সেবা খাতসংশ্লিষ্ট বাংলাদেশ লিজিং ও ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন, ভূমি উন্নয়ন সমিতি, ট্রাভেল এজেন্টস সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল গেস্ট হাউস সমিতিসহ ১৬টি সমিতির প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি উপস্থিত ছিলেন।স্থানীয় এক হোটেলে ওই পরামর্শ সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন।আয়োজকরা জানান, প্রতিটি সমিতির নেতৃবৃন্দকে আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে। অনেকেই বৈঠকে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় প্রস্তাবিত মূসক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার জাহাঙ্গীর হোসেন হাওলাদার। বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুর প্রমুখ।