পরামর্শ সেবা দেবে প্রাইম ইনভেস্টমেন্ট

দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আসার জন্য উদ্বুদ্ধ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। শেয়ার ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানটি মূল করপোরেট পণ্য সেবার দিকে নজর বাড়াবে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা।
সংবাদ সম্মেলনে তাবারক হোসেন বলেন, ২০০৬ সালে প্রাইম ব্যাংকের একটি বিভাগ থেকে পিবিআইএল এখন দেশের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক। ২০১০ সালের ২৮ এপ্রিল একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে কোম্পানি পিবিআইএল। পিবিআইএল ইস্যু ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, করপোরেট অ্যাডভাইজরি ও আন্ডাররাইটিং সেবা প্রদান করে আসছে। একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে করপোরেট পরামর্শ সেবার ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তাবারক হোসেন বলেন, ‘ব্যাংকের সুদ ধীরে ধীরে কমে আসছে। এ জন্য ব্যাংকের গ্রাহকেরা শেয়ারবাজারেই আসবে। গ্রাহকদের পরামর্শ সেবায় কাজ করব আমরা।’
সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের পরিচালক ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, ব্যাংকের পক্ষে দীর্ঘমেয়াদি ও বড় ঋণ দেওয়া সম্ভব হয় না। ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান এসব ঋণ গঠন করতে পারে। পিবিআইএল এ ক্ষেত্রে ভূমিকা রাখবে।
পরে যোগাযোগ করা হলে তাবারক হোসেন ভূঁঞা বলেন, বিকল্প পুঁজি গঠনের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন হয়। নতুন প্রতিষ্ঠান গঠন করে বিকল্প পুঁজি গঠনে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পিবিআইএল প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর রেজা, প্রধান আর্থিক কর্মকর্তা খোন্দকার রায়হান ও গবেষণা বিভাগের প্রধান সৈয়দ আদনান হুদা উপস্থিত ছিলেন।