পরামর্শক নিয়োগ দেবে সিএসই
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ পরামর্শক (কনসালট্যান্ট) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এরই মধ্যে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত প্রয়োজনীয় আইন তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় ডিমিউচুয়ালাইজেশন-প্রক্রিয়া সম্পন্ন করতে ও পরবর্তী সময়ে তালিকাভুক্তির লক্ষ্যে সিএসইর মূল্য নির্ধারণে একজন দক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হবে।এ লক্ষ্যে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। আগামী ৩০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ প্রস্তাব সিএসইতে পৌঁছানোর জন্য বলা হয়েছে।সিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন-প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ধারণাপত্র জমা দিয়েছে সিএসই। আর এ ব্যাপারে একটি রোডম্যাপ চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। ওই রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ১৫ জুনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হবে।